২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের শাস্তি এই মেয়াদেই: আশরাফ

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তাকারী কয়েকটি সংগঠনকে নেতৃত্ব দেওয়া গোলাম আযমের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে এ কথা বলেছেন ক্ষমতাসীন দলের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমকে কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করে ক্ষমতাসীন দলের মুখপাত্র বলেছেন, সরকারের বর্তমান মেয়াদেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীদের শাস্তি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়ে হত্য-খুন, ইজ্জত লুণ্ঠনকারীদের মূল নায়ক গোলাম আজম বিচারের দ্বারপ্রান্তে।” তারা এতদিন আত্মবিশ্বাসীভাবে বলে বেড়াচ্ছিলেন কেউ কোনোদিন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না- এ মন্তব্য করে তিনি বলেন, “তাদের দাম্ভিকতার পতন হয়েছে। প্রমাণ হয়েছে যতই দেরি হোক অন্যায়কারীকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।” নির্বাচনের সময় দেওয়া ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, “প্রতিশ্র“তি অনুযায়ী ইতোমধ্যে বিচার শুরু হয়ে গেছে। আজ গোলাম আজম বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে।” ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে রায় দেওয়ায় জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমরা আশা করছি বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে পারব।” বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কথা বলছিলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ উপস্থিত ছিলেন। একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামিন আবেদন খারিজ করে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে বুধবার কারাগার পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনজীবীদের আবেদনে তাকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১৫ ফেব্র“য়ারি। ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্বপালনকারী আযম বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী। ওই সময় তিনি শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০১৩ ঘ.