২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো মানুষরা কারাগারে: জামায়াত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত আখ্যায়িত করে জামায়াতের দাবি, দালালদের মাধ্যমে দেশ চালানোর জন্য ‘ভালো মানুষদের’ কারাগারে আটকে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত আখ্যায়িত করে জামায়াতের দাবি, দালালদের মাধ্যমে দেশ চালানোর জন্য ‘ভালো মানুষদের’ কারাগারে আটকে রাখা হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চারদলীয় জোটের জনসভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৈয়দ আব্দুল¬াহ মো. তাহের এ দাবি করেন। তিনি বলেন, “ভারতের দালালরা দেশ চালাচ্ছে। আর ভালো মানুষরা [জামায়াত নেতারা] কারাগারে আছেন। যুদ্ধাপরাধ নয়, দেশের স্বার্থরক্ষার আন্দোলন করায় জামায়াত নেতারা আজ কারাগারে।” সমাবেশে জামায়াত নেতারা দলের আমির মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ তাদের পাঁচনেতার মুক্তির দাবি জানান। জামায়াতের এই নেতারা ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেন, “আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রাজনেতিক দল। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে সব জেল-জুলুম শেষ হবে। তারা তিন বছরে কিছুই করতে পারেনি।” প্রতিবেশীকে ‘খুশি করেই’ আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামায়াত ও বিএনপি নেতাদের যুদ্ধাপরাধের নামে গ্রেপ্তার করছে বলেও অভিযোগ করেন তিনি। নগর জামায়াতের আমির সাংসদ মাওলানা শামসুল ইসলাম বলেন, “যুদ্ধাপরাধকে তথাকথিত ইস্যু হিসেবে দাঁড়া করে নিজাম-সাঈদী-সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জামায়াত নেতারা যুদ্ধাপরাধ দূরে থাক মানবতাবিরোধী কোনো অপরাধেও যুক্ত ছিলেন না।” সমাবেশে অন্যদের মধ্যে জামাায়াতের কেন্দ্রীয় সদস্য মিয়া গোলাম পরোয়ার বক্তব্য দেন। এর আগে সকালে জনসভাস্থলে মঞ্চের সামনের জায়গা দখল করে নেয় জামায়াত-শিবির সমর্থকরা। এ সময় সবার হাতেই যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন ছিলো। এক পর্যায়ে জামায়াত-শিবিরের এসব ব্যানার, ফেস্টুন নামিয়ে ফেলার আহ্বান জানালে কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৩২ ঘ.