২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের বিশ্বাস, সরকার রোডমার্চে বাধা দেবে না’

চট্টগ্রামের বিএনপির নেতারা বলেছেন, সরকার তাদের বিভিন্ন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করলেও ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ রোডমার্চে কোনো বাধা দেবে না বলেই তারা প্রত্যাশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিএনপির নেতারা বলেছেন, সরকার তাদের বিভিন্ন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করলেও ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ রোডমার্চে কোনো বাধা দেবে না বলেই তারা প্রত্যাশা করছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সংগ্রহের জন্য রবি ও সোমবার চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সোমবার বিকেলে পলোগ্রাউন্ড মাঠে তার বক্তৃতা করারও কথা রয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম বিএনপি। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “রোডমার্চ একটি শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা বিশ্বাস করি, সরকার এ সুষ্ঠু রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না।” চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতারা ছাড়াও নগর জামায়াতের আমীর সাংসদ মাওলানা শামসুল ইসলাম এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে আমীর খসরু ছাড়া আর কেউ কথা বলেননি। আমীর খসরু বলেন, বিএনপি চেয়ারপারসন শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন। এটি সাংঘর্ষিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ কর্মসূচি। জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ এ কর্মসূচিতে চট্টগ্রামবাসী ব্যাপক সাড়া দিয়েছে দাবি করে তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সন চট্টগ্রামের জনসভা থেকে আগামী দিনের আন্দোলনের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এ রোডমার্চের সাফল্য নিয়ে জনগণ ও বিএনপি নেতবৃন্দের কোনো সন্দেহ নেই।” চট্টগ্রামের জনসভায় কতো লোকের সমাগম আশা করছেন- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “সুনির্দিষ্ট কোনো ফিগার বলতে চাই না। তবে ৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ ও এর আশেপাশের এলাকায় ২০ লাখের বেশি মানুষের সমাগম হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।” ঢাকা ছাড়াও চট্টগ্রাম বিভাগের সাতটি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা এই রোডমার্চে অংশ নেবেন বলে জানান তিনি। নগর বিএনপি সভাপতি বলেন, “রোডমার্চের প্রস্তুতিতে বিএনপির চেয়ে চট্টগ্রামবাসী কোনো অংশে পিছিয়ে নেই। আমার রাজনৈতিক জীবনে কোনো কর্মসূচিতে এতো বেশি সাড়া দেখিনি। খালেদা জিয়ার জনসভায় যোগ দেওয়ার জন্য চট্টগ্রামবাসী উদগ্রিব হয়ে আছে।” অর্থনৈতিক, রাজনৈতিক ও সামজিক ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কারণে দেশ বিপর্যয়ের মুখে পড়েছে উল্লেখ করে আমীর খসরুসংবাদ সম্মেলনে বলেন, “এ সরকার একদলীয় শাসন কায়েমের মাধ্যমে দেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করে বিরোধীদলকে ধ্বংস করার চেষ্টা করছে।” দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবারো ক্ষমতায় আসার পথ পোক্ত করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা না ফেরালে বিএনপি আগামীতে কোনো নির্বাচনে যাবে না বলেও উল্লেখ করেন খসরু। রোডমার্চ সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও এম মোরশেদ খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাংসদ মোস্তফা কামাল পাশা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৫৫৫ ঘ.