ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিতে পদ চেয়ে আবেদন করে হতাশ হতে হয়েছে সমমনা ৩০টি সংগঠনের নেতাদের। এই সংগঠনগুলোর নেতাদের সরাসরি বিএনপিতে যোগ দিতে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৩০টি সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
সংগঠনগুলোর অন্যতম স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ বিএনপির পক্ষে সভা-সেমিনারের ফিরিস্তি তুলে ধরে বলেন, “এখন আমরা বিএনপি থেকে এসব কাজের স্বীকৃতি চাই। দলে অন্তর্ভুক্তি চাই।”
সহযোগী সংগঠন হওয়ার এই সুযোগ চাওয়ার পরিপ্রেক্ষিতে ফখরুল বলেন, “বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সংগঠন থেকে এভাবে অন্তর্ভুক্তির সুযোগ নেই। রাজনীতি করতে হলে সরাসরিতে বিএনপিতে যোগ দিতে হবে।”
“আপনাদের স্বীকৃতি দিতে হলে দলের গঠনতন্ত্র সংশোধন করতে হবে, যা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা মধ্যে কেউ কেউ বলেছেন, ২০০টা গোলটেবিল আলোচনা সভা করেছেন তারা। এখন দলের নির্বাহী কমিটিতে স্থান চান। এভাবে দলে পদ পাওয়া যাবে না,” বলেন বিএনপির মুখপাত্র।
সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা করে এই নেতাদের বিএনপির সদস্যপদ নেওয়ার পরামর্শ দেন তিনি।
৩০টি সংগঠন হচ্ছে- স্বাধীনতা ফোরাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয় নাগরিক সংসদ, নাগরিক ফোরাম, জিয়া ন্যাশনালিস্ট ফোরাম, সাংস্কৃতিক একাডেমী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), ইয়ুথ ফোরাম, স্বদেশ জাগরণ পরিষদ, জিয়া নাগরিক ফোরাম, হৃদয়ে বাংলাদেশ, জাতীয়তাবাদী বাস্তুহারা দল, সচেতন যুব সমাজ, জাগ্রত জনতা ফোরাম, জিয়া সেনা, সুশীল ফোরাম, দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ, সচেতন নাগরিক পরিষদ, সাংস্কৃতিক সংস্থা, উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ, স্বদেশ মঞ্চ, ভয়েস অব বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, দেশপ্রেমিক যুব শক্তি, জিয়া নাগরিক সংসদ, জিয়া ব্রিগেড, শহীদ জিয়া স্মৃতি সংসদ, ডেমোক্রেটিক মুভমেন্ট ও আমরা বাংলাদেশী।
টিপাইমুখ বাঁধসহ নানা বিষয়ে সভা-সেমিনারের মাধ্যমে জনমত গঠনের পরামর্শ সংগঠনগুলোর নেতাদের দেন ফখরুল।
তিনি বলেন, “সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যার ষড়যন্ত্র করছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে বিভিন্ন আইন পাস করছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।”
মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল লতিফ, খালেদা ইয়াসমীন, অবসরপ্রাপ্ত মেজর এম এ হানিফ, জিসাস সভাপতি আবুল হাশেম রানাসহ ৩০ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫৮ ঘ.
bdnews24