২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিয়েছে’

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ করে দেওয়ার সরকারের সমালোচনা করে এর বিরুদ্ধে আন্দোলনের নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ করে দেওয়ার সরকারের সমালোচনা করে এর বিরুদ্ধে আন্দোলনের নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার দেশে বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ করে দিয়ে তারা দেশি চলচ্চিত্রকে হুমকির মুখে ফেলেছে।” এ থেকে মুক্তি পেতে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান ফখরুল। গত ২৩ ডিসেম্বর মধুমিতা, অভিসারসহ আরো কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পশ্চিমবঙ্গের বাংলা ছবি জোর। এ ছাড়া এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে আরো দুটি চলচ্চিত্র ‘সংগ্রাম’ ও ‘বদলা’। ভিনদেশের সংস্কৃতির প্রভাবে দেশীয় সংস্কৃতি, লালন ও বাউল গান, জারি গান হারিয়ে যাচ্ছে- এমন অভিযোগ করে ফখরুল বলেন, “এখন অনেক বিয়ে বাড়িতে আমাদের সংস্কৃতির গান বাজানোর পরিবর্তে হিন্দি গান বাজানো হয়। এভাবেই আমাদের হাজার বছরের লালিত সংস্কৃতিকে ঘিরে ফেলছে ভিনদেশীয় সংস্কৃতি।” গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর জাসাস প্রতিষ্ঠা করা হয়। আলোচনা সভার পর সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অতিথি আসনে বসে জাসাসের উপদেষ্টা গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের নির্দেশানায় ‘আমরা হারবো না’ গীতিনাট্য উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জমান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুদু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ আইন সম্পাদক নিতাই রায় চৌধুরী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, হাসান চৌধুরী। আলোচনায় সভাপতিত্ব করেন জাসাসের সভাপতি এম এ মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এএল/২১২৬ ঘ.