ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পতন ঘটানোর জন্য খালেদা জিয়া মরিয়া হয়ে উঠেছেন দাবি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সরকার পতনে এক বছর সময় বেঁধে দিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরদিন শুক্রবার এক আলোচনা সভায় কামরুল বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তিনি (খালেদা) মরিয়া-বেপরোয়া হয়ে উঠেছেন।
"খালেদা জিয়ার কথা আমরা হালকাভাবে দেখি না। তিনি যখনই হোঁচট খান, তখনই আবার দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন, তাই আমাদের অতন্দ্র প্রহরীরর মতো কাজ করতে হবে," বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে মহাজোট সরকারকে বিদায় করতে হবে। অক্টোবরে রোড মার্চ কর্মসূচি শেষে 'ফাইনাল খেলা'র জন্য প্রস্তুত বিএনপি প্রস্তুত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, যুদ্ধাপরাধী ও দুই ছেলেকে বাঁচাতেই সরকার পতনের আন্দোলনের কথা বলছেন বিরোধী নেত্রী।
তিনি বলেন, "একাত্তরের ঘাতকদের ছাড়া তার (খালেদা জিয়া) কোনো অস্তিত্ব নেই। তাদের রক্ষা করতে না পারলে তার অস্তিত্ব থাকবে না। দুই পুত্রের এক জনের (কোকো) কারাদণ্ড হয়েছে, আরেক জনের বিরুদ্ধে মামলা চলছে, দোষ প্রমাণিত হলে কারাদণ্ড অনিবার্য।"
"যুদ্ধাপরাধী ও লুটেরা দুই সন্তানকে রক্ষা করতে খালেদা জিয়া মরিয়া হয়ে উঠেছেন," বলেন কামরুল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত 'খালেদা জিয়ার দেশবিরোধী অপতৎপরতা : স্বাধীনতার সপক্ষের শক্তির করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আইন প্রতিমন্ত্রী।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, "৫ বছরের এক মিনিট আগেও শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে না।"
শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু সতিশ চন্দ্র রায়।
গোলাম আযম গ্রেপ্তারেও প্রক্রিয়া চলছে: প্রতিমন্ত্রী
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে জানিয়ে এক্ষেত্রে অপেক্ষা করতে বললেন কামরুল ইসলাম।
গোলাম আযমের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, "ওয়েট অ্যান্ড সি, তাকে গ্রেপ্তারের সব প্রক্রিয়া দেখতে পাবেন।"
"গোলাম আযম ছাড়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত হচ্ছে, এ ধারণা অমূলক," বলেন কামরুল। তবে ৯০ বছর বয়সি জামায়াতের সাবেক আমিরকে গ্রেপ্তারের ক্ষেত্রে তার বয়সের বিষয়টিও বিবেচনায় রাখতে হয় বলে মন্তব্য করেন তিনি।
চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিচার করতে না পারলে নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
"আমরা এ বিচারে তাড়াহুড়া করে করতে চাই না। কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তবে দ্রুততম সময়ে এ বিচার করা হবে," দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24