২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভুলের ভিত্তিতে ফখরুলের সংবাদ সম্মেলন'

মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন তুলে ধরে গ্রেনেড মামলায় বিএনপি তারেক রহমানকে নির্দোষ দাবি করলেও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিধান অনুযায়ী ওই ধরনের কোনো আবেদনই করেননি হুজি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন তুলে ধরে গ্রেনেড মামলায় বিএনপি তারেক রহমানকে নির্দোষ দাবি করলেও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিধান অনুযায়ী ওই ধরনের কোনো আবেদনই করেননি হুজি নেতা। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, "মুফতি হান্নান তার জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেননি। জবানবন্দি প্রত্যাহারের যে আবেদন হয়েছে, তাতে তার কোনো স্বাক্ষর ছিলো না। তাছাড়া জেল সুপারের মাধ্যমে এ আবেদন আসতে হয়, কিন্তু তা জেল সুপারের মাধ্যমেও আসেনি।" একদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, মুফতি হান্নানকে হুমকি দিয়ে ২১ অগাস্টের গ্রেনেড মামলায় তারেকের নাম আসামির তালিকায় আনা হয়েছে। মুফতি হান্নান জবানবন্দি দিলেও এখন তা প্রত্যাহারের আবেদন করেছেন। ঢাকার জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর কামরুল বলেন, "ফৌজদারি কার্যবিধিতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তা প্রত্যাহারের আর কোনো সুযোগ থাকে না। আইনজীবীদের পীড়াপীড়িতে আবেদনটি শুধু আদালতে নথিভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কোনো আদেশ দেওয়ার সুযোগ নেই।" মুফতি হান্নান হুমকির মুখে তারেকের নাম বলেছেন বলে বিএনপি দাবি করলেও প্রতিমন্ত্রী বলেন, "ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুঝে-শুনেই তিনি জবানবন্দি দিয়েছিলেন।" ২১ অগাস্ট গ্রেনেড হামলায় তারেকের সম্পৃক্ততার বিষয়ে আরো সাক্ষী রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। এ মামলার বিচার বর্তমান সরকারের আমলেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন আইন প্রতিমন্ত্রী। বিদেশে থাকা তারেককে ফিরিয়ে আনার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না- জানতে চাইলে কামরুল বলেন "এটা আমাদের দায়িত্ব না? আদালতের ওপর শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় তার ফিরে আসা উচিত।" তবে বিচারে তারেক দণ্ডিত হলে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৪২০ ঘ.