২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদেরটাও লাইভ টেলিকাস্ট করুন: আশরাফ

বিরোধী দলের মতো সরকারি দলের অনুষ্ঠানেরও সরাসরি সম্প্রচার চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের মতো সরকারি দলের অনুষ্ঠানেরও সরাসরি সম্প্রচার চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেল খালেদা জিয়ার মঙ্গলবারের মহাসমাবেশের বক্তব্য সরাসরি স¤প্রচার করার প্রেক্ষিতে বুধবার এ কথা বলেন সৈয়দ আশরাফ। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, ইটিভি, বাংলা ভিশন ও ইসলামিক টেলিভিশন মঙ্গলবার খালেদার বক্তব্য সরাসরি সম্প্রচার করে। সমাবেশে খালেদার দেওয়া বক্তব্যের জবাব দিতে বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে আশরাফ জানতে চান, এনটিভি, ইটিভি, বাংলা ভিশন ও ইসলামিক টেলিভিশনের প্রতিবেদক উপস্থিত আছেন কি না। চ্যানেলগুলোর প্রতিবেদকরা তাদের উপস্থিতি নিশ্চিত করলে আশরাফ বলেন, "আমরা অত্যন্ত খুশি হয়েছি- আপনারা কালকের সমাবেশ লাইভ টেলিকাস্ট করেছেন। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। আমরা আশা করবো- আপনারা আজকে (বুধবার) এই সংবাদ সম্মেলনও লাইভ টেলিকাস্ট করবেন। "এখানে কালকের সমাবেশের বিভিন্ন বক্তব্যের উত্তর দেওয়া হবে। তা না করলে (সরসারি স¤প্রচার) তা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ হবে না। জনগণ মনে করবে- আপনারা একটা দলের জন্য কাজ করছেন।" কোনো রাজনৈতিক দলের প্রতি 'বিমাতাসুলভ আচরণ' না করতে ওই চ্যানেলগুলোর প্রতিবেদকদের প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ। এরপর, সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার শুরুতেই আশরাফ সবার উদ্দেশে বলেন, "কেমন আছেন আপনারা?" উপস্থিত সবাই বলেন, "ভালো।" এই জবাবের পর আশরাফ বলেন, "কালকের (মঙ্গলবার) সমাবেশে বিরোধীদলীয় নেতা তার এই প্রশ্নের পর আশা করেছিলেন- সবাই বলবে 'ভালো নেই'। কিন্তু, সবাই এটা বলেননি। বলেছিলেন, 'ভালো আছি'। সবাই অবচেতন মনেই ভালো থাকার কথা বলেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৩৮ ঘ.