২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন আওয়ামী লীগের অধীনেই: আশরাফ

খালেদা জিয়ার বক্তব্যের পাল্টায় সরকারি দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনই আগামী নির্বাচন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বক্তব্যের পাল্টায় সরকারি দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনই আগামী নির্বাচন করবে। তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি আশা করছেন, সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, "স্বাধীন ইসির অধীনে নির্বাচন হবে। আমাদের বিরোধী দল যদি মনে করে নির্বাচনে অংশ নেবে না। ওনার (খালেদা জিয়া) দুই দুর্নীতিবাজ পুত্রের বিচার হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে না। সে স্বপ্ন কোনো দিন সফল হবে না।" একদিন আগেই বিএনপির চেয়ারপারসন হুঁশিয়ারি দিয়েছেন, "তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার ভাবছে, এরশাদকে নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে। তাদের এই স্বপ্ন সফল হবে না।" বিরোধীদলীয় নেতা খালেদার বক্তব্যের পরদিনই আশরাফ সংবাদ সম্মেলন করলেন। মঙ্গলবারের সমাবেশে বক্তব্যে খালেদার দেওয়া বিভিন্ন তথ্য 'অসত্য' বলেও দাবি করেন তিনি। ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছিলেন। প্রধান বিরোধী দলসহ তাদের মিত্র দলগুলোকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাতক বলেন, "আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের আগামী নির্বাচন বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।" "রাজনীতিবিদদের অভিজ্ঞতা ও আদালতের রায় প্রমাণ করে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই," যোগ করেন তিনি। সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার পর সরকার সংবিধানে সংশোধন এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। বিএনপি এ সংশোধনীর সমালোচনা করে আসছে। এই সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের প্রথম ধাপ সম্পন্নের বিষয়ে আশা প্রকাশ করে আশরাফ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হবেই। খালেদা জিয়া ও জামায়াত যতই চেষ্টা করুক- এই বিচার বানচাল করতে পারবে না।" নির্বাচন কমিশন স্বাধীন' বর্তমান সরকারের সময়ে কোনো নির্বাচনেই হস্তক্ষেপ করা হয়নি দাবি করে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এটি আবারো প্রমাণ হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। আশরাফ বলেন, "আমরা মনে করি, সরকার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন থেকে দূরে থাকুক। তাহলেই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।" আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিরোধীদলীয় নেতার আহ্বানের সঙ্গে একমত প্রকাশ করে তিনি বলেন, "সার্চ কমিটির প্রস্তাবের সঙ্গে আমরা একমত। এটা নিয়ে আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠকেও আলোচনা হয়েছে এবং আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। এটা আইন হিসাবে জাতীয় সংসদের আগামী অধিবেশনে আনা হবে।" আশরাফ আরো বলেন, "শক্তিশালী কমিশন গঠনে নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছে- তা যুক্তিযুক্ত। নির্বাচন কমিশন যে পরিবর্তন আনতে চাচ্ছে- আমরা তার অধিকাংশের সঙ্গেই একমত। তবে আইনের পরিবর্তন সংসদেই সম্ভব।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালকের (মঙ্গলবার) মিটিংয়ে গ্রেনেড হামলা হয়নি। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২০০৪ সালে ২১ অগাস্ট মিটিংয়ে গ্রেনেড হামলা হয়েছিলো।" পাশাপাশি চারদলীয় জোট সরকারের সময়ে সিরিজ বোমা হামলা, শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন, হত্যা ও ধর্ষণ এবং অপারেশন ক্লিন হার্টের সময় হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন আশরাফ। তিনি বলেন, "বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা ঘটেনি। কারণ আমাদের সরকার সন্ত্রাস দমনে সফলভাবে কাজ করে যাচ্ছে।" পল্টন ময়দানে বিএনপিকে জনসভা করার অনুমতি না দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগকেও এক সময় অনুমতি না পেয়ে দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি সমাবেশ করতে হয়েছিলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে আশরাফ বলেন, "জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে বিএনপির সময়। তখনই এই আইন পাস করা হয়েছিলো। প্রয়োজন হলে এই আইন বাতিল করা হবে।" "বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের আইন জানবে না- এটা দুঃখজনক। এখন যা করা হচ্ছে- এটা ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী করছে," যোগ করেন তিনি। 'তাদের ধর্মে আস্থা নেই' সংবিধান থেকে সরকার আল্লাহর নাম তুলে নিয়েছে বলে খালেদা জিয়া যে অভিযোগ করেছেন- এর জবাবে আশরাফ বলেন, "সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম রয়েছে। খালেদা জিয়া গতকাল যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মাগরিবের আজান পড়লেও তিনি তার কথা বন্ধ করেননি। যারা নামাজ পড়ছিলেন- তাদের প্রতি সম্মান দেখাননি। তাদের ধর্মে বিশ্বাস নেই, আস্থা নেই।" সংবাদ পরিবেশনে চাই সমান গুরুত্ব' সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে এনটিভি, ইটিভি, বাংলা ভিশন ও ইসলামিক টেলিভিশনের প্রতিবেদকদের উদ্দেশ্যে আশরাফ বলেন, "আমরা অত্যন্ত খুশি হয়েছি- আপনারা কালকের সমাবেশ লাইভ টেলিকাস্ট করেছেন। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। আমরা আশা করবো- আপনারা আজকে (বুধবার) এই সংবাদ সম্মেলনও লাইভ টেলিকাস্ট করবেন। এখানে কালকের সমাবেশের বিভিন্ন বক্তব্যের উত্তর দেওয়া হবে।" "তা না হলে জনগণ মনে করবে- আপনারা একটা দলের জন্য কাজ করছেন," বলেন তিনি। 'জনগণ ভালো আছে' আশরাফ দাবি করেন, গতকাল খালেদা জিয়ার বক্তব্যে জনগণ কেমন আছেন তা ফুটে ওঠেছে। তিনি বলেন, "কালকের (মঙ্গলবার) সমাবেশে বিরোধীদলীয় নেতা সবার উদ্দেশে প্রশ্ন করেছিলেন- আপনারা কেমন আছেন। তিনি আশা করেছিলেন- সবাই বলবে 'ভালো নেই'। কিন্তু সবাই বললেন- 'ভালো আছি'। সবাই অবচেতন মনেই ভালো থাকার কথা বলেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৮১৪ ঘ.