২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধানমন্ত্রী সংঘাত অনিবার্য করে তুলছেন'

বিরোধী দলের সঙ্গে আলোচনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী কার্যত দেশে রাজনৈতিক সংঘাত অবশ্যম্ভাবী করে তুলেছেন বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের সঙ্গে আলোচনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী কার্যত দেশে রাজনৈতিক সংঘাত অবশ্যম্ভাবী করে তুলেছেন বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিঙে এ মন্তব্য করেন। তিনি বলেন, "বিরোধী দলের সঙ্গে আলোচনা প্রয়োজন নেই বলে প্রধানমন্ত্রী নিজেই আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন। এর ফলে সমঝোতার সব সম্ভাবনাকে অসম্ভব করে তুলেছেন তিনি। "তার কথায় (প্রধানমন্ত্রী) প্রমাণিত হলো বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে আলোচনার যেসব আহবান ছিলো তা নিছক লোক দেখানো ও সমগ্র জাতির সঙ্গে প্রতারণা মাত্র।" প্রধানমন্ত্রীর এ মন্তব্যের নিন্দাও জানান মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপির নেত্রী-নেতা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'অশালীন, অশোভন, কুরুচিপূর্ণ এবং রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত' বলে মন্তব্য করেন তিনি। শনিবার শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে তা নাকচ করেন। বিএনপি'র আন্দোলন কখনোই সফল হবে না দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "দেশের জনগণ দুর্নীতিবাজদের পক্ষে দাঁড়াবে না। কাজেই তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, "এ ভয়ঙ্কর অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসুন।'' এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, মঙ্গলবার বিকালে নয়া পল্টনের জনসভা থেকে আন্দোলনে কর্মসূচি দেবেন খালেদা জিয়া। এর আগে গুলশানে খালেদার কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে শুরু হওয়া স্থায়ী কমিটির এই বৈঠকটি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বৈঠকে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করা ছাড়াও জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এছাড়া জনসভায় কী কী বিষয় নিয়ে কথা বলা উচিৎ সে ব্যাপারে নেতাদের পরামর্শ শোনেন খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলের এই জনসভা হবে। সেখানে খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবেন। খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সরকারের আমলে চারদলীয় জোটের আয়োজনে এক মঞ্চের জনসভা এটি প্রথম। খালেদা জিয়া ২০০৬ সালে ২৮ অক্টোবর বিকালে নয়া পল্টনের একই স্থানে সর্বশেষ চারদলীয় জোটের জনসভায় বক্তব্য দেন। এছাড়া নয়া পল্টনে সর্বশেষ গত বছরের ৭ নভেম্বর বিএনপি আয়োজিত জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেন। সাড়ে চার বছরের বেশি সময় পর মঙ্গলবার চারদলীয় নেতাদের নিয়ে এক মঞ্চ থেকে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৫৯ ঘ.