২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের নেতা-কর্মীরা রিমান্ডে

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩২ জামায়াত-শিবির নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজতে (রিমান্ড) পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩২ জামায়াত-শিবির নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজতে (রিমান্ড) পেয়েছে পুলিশ। পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ দুই দিন মঞ্জুর করেন। এছাড়া অপর দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই আসামি অসুস্থ থাকায় বিচারক তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুর এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং যানবাহন ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় ৯৫ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করে। রিমান্ড এবং জেলে গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া দুই জনসহ ৩৪ জনের মধ্যে ২৩ জন এই মামলায় এজাহারভুক্ত আসামি। ১৯ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৫০ ঘ.