ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে জনসভা করতে না দেওয়ার পর ২৭ সেপ্টেম্বরের সমাবেশের প্রচারেও সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী রোববার সাংবাদিকদের বলেন, "জনসভার পোস্টার লাগাতে গিয়ে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাসা-বাড়িতে গিয়ে তাদের হুমকি দেওয়া হচ্ছে।"
আগামী মঙ্গলবার দুপুর ২টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করবে বিএনপি। এতে খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি দেবেন বলে বিএনপি নেতারা জানিয়ে আসছেন।
বিএনপি পল্টন ময়দানে এ জনসভা করতে চাইলেও তার অনুমতি পায়নি। পুলিশ জনসভার মাইকিংয়ের আবেদনও নাকচ করে দিয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, "সরকারের গণবিরোধী কাজের বিরুদ্ধে আওয়াজ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য আমাদের স্বাভাবিক প্রচার করতে দেওয়া হচ্ছে না।"
বাধা দিলেও সফল সমাবেশ করে বিএনপি সরকারের আচরণের জবাব দেবে, বলেন রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৫ ঘ.
bdnews24