মাদারীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির জমায়েতে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার বিকালে মিছিল করার উদ্দেশ্যে পৌর মার্কেটের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল করার উদ্যোগ নিচ্ছিল।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদল সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই (২৯), সাধারণ সম্পাদক সিকদার মুহাম্মদ মামুন (২৫), সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন (২৫), আরিফ (২৭), কাওছার হোসেন নান্না (২৫), মহসিন (২৫), জহিরুল ইসলাম (২৭)।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালকিনি থানার উপ-পরিদর্শক মো. আসফাক বলেন, বিক্ষোভ কর্মসূচির নামে আইনশৃঙ্খলা ভঙ্গ করার কারণে পুলিশ তাদের জমায়েত ছত্রভঙ্গ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24