ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে জনসভা করতে না দেওয়ার পর ২৭ সেপ্টেম্বরের জনসভার মাইকিং করার অনুমতিও সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার বিকালে দলের বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পল্টন ময়দানে জনসভার অনুমতি দেয়নি। এখন আমরা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো। সেই সমাবেশের প্রচারণায় মাইকিং করতে অনুমতি চেয়েছি। তাও দেওয়া হচ্ছে না।"
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় জনসভা থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
ফখরুল অভিযোগ করেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপিকে মাইকিং করার অনুমতি দিচ্ছে না। অথচ মিরপুর গোল চত্বরে যুবলীগের জনসভার জন্য শনিবার দিনভর মাইকিং হয়েছে।
"এক দেশে দুই নীতি চলছে। এভাবে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে সরকার," যোগ করেন তিনি।
নগরবাসীকে এই জনসভা সফল করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, "ব্যাপক জনসমাগম করে এ সরকারকে দেখিয়ে দিতে হবে- তোমাদের ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯২০ ঘ.
bdnews24