চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে এখন থেকে প্রতিরোধ করতে হবে।
বিএনপির ডাকা হরতালে বাধা ও নির্যাতনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
নগরীর নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।
সরকারের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের আন্দালন সংগ্রামে যুক্ত হবার আহ্বান জানান তিনি।
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর মহিলা দলের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।
গত ২২ সেপ্টেম্বরের হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বিএনপি।
জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৩৭ ঘ.
bdnews24