ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২২ সেপ্টেম্বরের হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ করছে বিএনপি।
রাজধানী ঢাকায় বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে বিক্ষোভ সমাবেশ হবে।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ জানাতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।
হরতালে যশোরে পৌর মেয়রকে আহত করার প্রতিবাদে সেখানে শনিবার আধাবেলা হরতাল চলছে বলে জানান তিনি।
জনি জানান, নয়া পল্টনে সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।
জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
বিএনপি নেতা জনি জানিয়েছেন, হরতালে সারা দেশে তাদের পাঁচ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও চার শতাধিক আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০২৫ ঘ.
bdnews24