ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'না' বলে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন।
জামায়াতের সা¤প্রতিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, "কী প্রতিহিংসা নিয়ে এরা সেদিন প্রকাশ্যে দিবালোকে আক্রমণ করেছিলো, সেটি চিন্তা করে জামায়াতকে এদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় কি-না, তা নতুন করে ভাবতে হবে।"
"গণতন্ত্রকে রক্ষায় রাজনীতি হওয়া উচিত। অথচ এরা পেট্রোল বোমা ব্যবহার করে, গ্যাস গ্রেনেড হামলা করে। তাদের রাজনীতি করতে দেওয়া যায় না," বলেন তিনি।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী স্বাধীনতার পর নিষিদ্ধ ছিলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পটপরিবর্তনে কার্যক্রম চালানোর সুযোগ ঘটে দলটির।
বিভিন্ন সময় এমনকি পঞ্চদশ সংবিধান সংশোধনের সময়ও বামপন্থী দল এবং সাংস্কৃতিককর্মীরা জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দল নিষিদ্ধের দাবি জানিয়েছিলো, কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি।
গত সোমবার বিজয়নগরে পুলিশের ওপর জামায়াতকর্মীদের হামলার প্রসঙ্গ ধরে নাসিম বলেন, "জামায়াত ওইদিন যা করলো, গণতান্ত্রিক সংস্কৃতিতে এমনটা দেখা যায় না। ওই দিন তারা তাদের একাত্তরের চেহারাকে স্পষ্ট করে দিয়েছে।
"একাত্তর দেখেনি, এমন নতুন প্রজন্ম বুঝতে পেরেছে, এটাই নিজামী-সাঈদীদের দল। এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। নতুন করে এদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।"
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "এরা কোত্থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, এরা কারা, সেটা খুঁজে বের করুন।"
বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা ওই সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও বক্তব্য রাখেন।
'তেলের দাম বিএনপিই বেশি বাড়িয়েছে'
মোহাম্মদ নাসিম বলেন, "বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে পাঁচ বছরে মোট ছয় বার তেলের দাম বাড়িয়েছিলো। আর আমরা গত আড়াই বছরে দুইবার বাড়িয়েছি, আর একবার কমিয়েছি। সব মিলিয়ে আমাদের সময়ে তেলের দাম বেড়েছে শতকরা পাঁচ ভাগ।
"অন্যদিকে বিএনপির সময়ে পাঁচ বছরে তেলের দাম শতভাগ বেড়েছিলো। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, মিছিল করেছি, কিন্তু হরতাল দিইনি।"
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকার পুরোপুরি সফল হতে পারেনি স্বীকার করে ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, শেয়ার বাজারে কিছু সমস্যা হয়েছে। তবে শেখ হাসিনার নির্দেশে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
"আমি অর্থমন্ত্রীকে বলবো, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নিন। আর হুমকি দিয়ে আস্থা ফিরিয়ে আনা যায় না," বরৈন তিনি।
'কেউই হরতালকারীদের রাস্তায় নামতে দেয় না'
হরতালে সব সরকারি দলের আচরণ একই রকম থাকে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।
তিনি বলেন, "তারা (বিএনপি) অভিযোগ করেছে, তাদের না-কি মাঠে নামতে দেওয়া হয়নি। আমি বলি, বাংলাদেশের কোন হরতালে বিরোধী দলকে মাঠে নামতে দেওয়া হয়েছিলো?"
"আমদেরকেও হরতালে মাঠে নামতে দেওয়া হতো না। কিন্তু আমরা সেই বাধা মানিনি। আমরা ব্যরিকেড ভেঙে রাজপথে মিছিল করেছি," বলেন নাসিম।
তবে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংযত আচরণ করতো বলে দাবি করেন তিনি।
নাসিম বলেন, "আমরা বারবার নির্যাতিত হয়েছি। কিন্তু নেতাকর্মীদের বলেছি, পুলিশকে আক্রমণ করা যাবে না। জ্বালাও-পোড়াও করা যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৫০ ঘ.
bdnews24