নিউইয়র্ক, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের দরিদ্র নারীদের দুর্দশা লাঘবে সমন্বিত পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে বৃহস্পতিবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লি¬উএফপি) ও ইউনাইটেড উইমেন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে বিশ্বের দরিদ্র নারীদের দুর্দশা থেকে বের করে আনার ব্যাপারে আমাদের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে।"
বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকার 'গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং খাদ্য ও পুষ্টিগত নিরাপত্তা' শীর্ষক এই সেমিনারের সহ আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে।
জাতিসংঘের প্রথম নির্বাহী পরিচালক মিশেল বেশেলেট, বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক জোসেট শিরান এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ইউরি রোজেনথাল এই সেমিনারে বক্তব্য রাখেন।
২০১০ সালের 'ওয়ার্ল্ড পোভার্টি অ্যান্ড হাঙ্গার রিপোর্ট'- এর পরিসংখ্যান উদ্ধৃত করে সেমিনারে শেখ হাসিনা বলেন, বিশ্বে ১৩৪ কোটি লোক দিনে ১.২৫ ডলার বা তারও কম আয়ে জীবন যাপন করে। আর এই অতি দরিদ্র শ্রেণীর ৭০ শতাংশই হচ্ছে নারী ও শিশু।
এই পরিস্থিতির কারণ হিসেবে সংঘাত ও বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "এই অন্যায়ের প্রতিবিধান এবং বিশ্বকে সবার জন্য একটি ন্যায়সঙ্গত স্থানে পরিণত করা জরুরি।"
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও সমাজের সব স্তরে পুরুষের সঙ্গে নারীর সমান অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে বলা হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতিতে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি নিরাপত্তা সংক্রান্ত বিধি রাখা হয়েছে।
তৃণমূলপর্যায়ে নারীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়নকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, "আমরা বিশ্বাস করি, নারীর খাদ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করার পূর্বশর্ত হলো আর্থ-সামাজিক ক্ষেত্রে তাদের অধিকতর সম্পৃক্ততা নিশ্চিত করা। এতে নারী সম্পদের অধিকার পায়, তার আত্মবিশ্বাস বাড়ে। ফলে দারিদ্রের 'নারীকরণ'ও কমে আসে।"
সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশে মাতৃমৃত্যু হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
খাদ্য নিরাপত্তার পাশাপশি গ্রামীণ পরিবারগুলোতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে গ্রামীণ নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সহযোগিতা দেওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচিসহ অন্যান্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থাকে ধন্যবাদ জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বুধবার সকালে সাধারণ পরিষদের এই অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/০১২২ ঘ.
bdnews24