ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিএনপির স্থায়ী কমিটির সায় ছিল না- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ১১ ঘণ্টা হরতাল পালনের পর বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আশরাফ সাহেবকে দেশের মানুষ একজন সজ্জন ব্যক্তি ও রাজনীতিক নেতা হিসেবে চেনে। তিনি কীভাবে জানলেন যে, খালেদা জিয়া দলের নীতিনির্ধারকদের ছাড়া এককভাবে হরতালের সিদ্ধান্ত নিয়েছেন? আশরাফ সাহেব কি বিএনপিতে যোগ দিয়েছেন?"
"আমরা স্পষ্টভাবে বলতে চাই- খালেদা জিয়া সব সিদ্ধান্ত দলের নীতিনির্ধারক ফোরাম স্থায়ী কমিটি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ করেই নিয়ে থাকেন", যোগ করেন ফখরুল।
বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে আশরাফ বলেন, এই হরতালের সাথে বিএনপির স্থায়ী কমিটির কোনো সম্পর্ক নেই। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যও এই হরতাল ডাকার পক্ষে ছিলেন না। জামায়াত ঘরানার বিএনপি সমর্থিত একটি পত্রিকার সম্পাদক পীড়াপীড়ি করে খালেদা জিয়াকে দিয়ে এই হরতাল ডাকিয়েছেন।
এ বিষয়ে ফখরুল আরো বলেন, "বিএনপিকে জামায়াতপন্থী দল বলে আশরাফ সাহেব শিষ্ঠাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের ব্যাপারে তো অনেক কথাই তো শোনা যায়। তাই বলে আমরা কখনো বলি না- আওয়ামী লীগ ভারতপন্থী দল।"
রাজনৈতিক দল সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সৈয়দ আশরাফের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ সমমনা দলগুলো বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল পালন করে। এই সময়ে সারাদেশেই হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগ। তবে মিছিল করতে গিয়ে বাধা পেয়েছে বিএনপি নেতা-কর্মীরা। সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ক্ষমতাসীন দল যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ টেনে 'বিভ্রান্তি ছড়ানোর' চেষ্টা করলেও তারা হরতাল পালনে জনগণকে দূরে সরিয়ে রাখতে পারেনি।
সারাদেশে 'সফলভাবে' হরতাল পালনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০১৭ ঘ.
bdnews24