ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ টেনে 'বিভ্রান্তি ছড়ানোর' চেষ্টা করলেও তারা হরতাল পালনে জনগণকে দূরে সরিয়ে রাখতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
বৃহস্পতিবার ১১ ঘণ্টা হরতাল পালনের পর বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে হরতাল ডাকা হয়েছে- সরকারের এমন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তারা এই ইস্যু টেনে নিজেদের ব্যর্থতা আড়াল করতে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছে। সেজন্যই স্বতস্ফূর্তভাবে দেশের মানুষ এই হরতাল সফল করেছে।''
সারাদেশে 'সফলভাবে' হরতাল পালনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ সমমনা দলগুলো বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল পালন করে। এই সময়ে সারাদেশেই হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগ। তবে মিছিল করতে গিয়ে বাধা পেয়েছে বিএনপি নেতা-কর্মীরা। সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
ভোর ৬টায় হরতালের শুরুতেই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুই স্তরের পুলিশি ব্যারিকেড দেয় পুলিশ ও র্যাব। পরে তারা কোনো নেতা-কর্মীকে ভেতরে ঢুকতে দেয়নি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা ভেতরে কার্যত অবরুদ্ধ হয়ে থাকেন। বিকাল পৌনে ৬টার দিকে পুলিশ সেই ব্যারিকেড তুলে নেয়।
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, "হরতালের সময় আমাদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। অথচ ক্ষমতাসীনরা পুলিশ-র্যাবের ছত্রছায়ায় বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এভাবে সরকার হরতাল ঠেকানোর অপচেষ্টা চালিয়েছে।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন নয়। কিন্তু হরতালে পুলিশের আচরণ দেখে মনে হয়েছে সরকার দেশকে 'আদর্শ পুলিশি রাষ্ট্রে' পরিণত করেছে।
পুলিশের 'এই ভূমিকার' জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারেরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ঢাকায় হরতাল চলাকালে মহাখালীতে দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমানসহ অঙ্গসংগঠনের নেতাদের আটকে রাখা এবং বিভিন্ন স্থানে মিছিলে 'পুলিশি হামলার' নিন্দা জানান তিনি।
হরতালে মিছিল করতে গিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশি ধাওয়ার মুখে রাজধানীর মহাখালীতে সিটিসেল কার্যালয়ে আশ্রয় নেন সেলিমা রহমানসহ বিএনপির পাঁচ নেতা। বাইরে পুলিশ ঘিরে রাখায় প্রায় আট ঘণ্টা সেখানেই অবরুদ্ধ থাকতে হয় তাদের।
হরতালে 'সরকার ও ক্ষমতাসীনদের' এই 'সন্ত্রাসের' প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা সাংসদ রেহানা আখতার রানু, সৈয়দা আশরাফী পাপিয়া, সাম্মী আখতার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, বেলাল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু , সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯১২ ঘ.
bdnews24