২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও পল্টন পেলো না বিএনপি

পল্টন ময়দানে সমাবেশ করতে চেয়ে আবারও বিফল হয়েছে বিএনপি। ফলে ২৭ সেপ্টেম্বর খালেদা জিয়ার জনসভা হবে নয়া পল্টনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে সমাবেশ করতে চেয়ে আবারও বিফল হয়েছে বিএনপি। ফলে ২৭ সেপ্টেম্বর খালেদা জিয়ার জনসভা হবে নয়া পল্টনে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার হরতাল শেষে সংবাদ সম্মেলনে বলেন, "সরকার পল্টন ময়দান দেবে না বলে আমাদের জানিয়ে দিয়েছে। সুতরাং আমরা ২৭ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ের সামনে জনসভা করবো।" পল্টন ময়দান জাতীয় ক্রীড়া পরিষদের অধীন। তাদের অনুমতি নিয়েই ঐতিহাসিক এ ময়দানে সমাবেশ করতে হয়। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর একবারই পল্টনে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। এরপর ধারাবাহিকভাবে তাদের আবেদনে সাড়া মেলেনি। ২৭ সেপ্টেম্বরের জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদার সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। ফখরুল বলেন, "২৭ সেপ্টেম্বরের মহাসমাবেশ গুরুত্বপূর্ণ। এই জনসভা থেকে বিরোধীদলীয় নেতা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন।" "আমরা আশা করবো, সরকার এই জনসভা করতে আমাদের সহযোগিতা করবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৬ ঘ.