২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার যশোরে আধাবেলা হরতাল

যশোরে হরতাল চলাকালে মিছিলে সরকার সমর্থকদের 'হামলা' এবং পৗর মেয়র মারুফুল ইসলামকে 'লাঞ্ছিত' করার অভিযোগে শনিবার জেলা শহরে অর্ধ দিবস হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

যশোর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে হরতাল চলাকালে মিছিলে সরকার সমর্থকদের 'হামলা' এবং পৗর মেয়র মারুফুল ইসলামকে 'লাঞ্ছিত' করার অভিযোগে শনিবার জেলা শহরে অর্ধ দিবস হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল পালন করে বিএনপিসহ চারদলীয় জোট। যশোরে সকাল থেকে ঢিমেতালে হরতাল শুরু হলেও দুপুর ১২টার পর ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল বের করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে হরতালকারীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চিত্রা মোড় এলাকায় বেশ কয়েকটি হাতবোমা বিষ্ফোরণেরও শব্দ পাওয়া যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডভোকেট সাবেরুল হক সাবু সংবাদ সম্মেলনে বলেন, "যশোরে বিএনপির শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্ত হরতাল কর্মসূচিতে আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা তাণ্ডব চালায়।" নৈরাজ্য সৃষ্টির জন্য আওয়ামী লীগের কর্মীরা শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাংচুর করে বলে অভিযোগ করেন তিনি। "তারা গুলি ও বোমা ফাটিয়ে শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এসব কিছু হলেও তারা সরকার সমর্থকদের কিছু না বলে হরতাল বানচাল করতে বেশি ব্যস্ত ছিল।" ছাত্রলীগ কর্মীরা দুপুরে দড়াটানা এলাকায় পৌর মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামকে একটি সেলুনে আটকে রেখে লাঞ্ছিত করে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এসব ঘটনার প্রতিবাদে শনিবার যশোরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে বলে উল্লেখ করেন সাবু। অন্যদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম, জাফর সাদিক, রফিকুর রহমান তোতন, শামসুল হুদা, দেলোয়ার হোসেন খোকন, মোহম্মদ ইসহক, পৌর মেয়র মারুফুল ইসলাম ও মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ছাত্রলীগের অস্বীকার বেলা ৩ টায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগ এক সংবাদ সম্মেলনে দাবি করে, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও বোমাবাজির ঘটনায় তারা জড়িত নয়। পৌর মেয়রকে লাঞ্ছিত করার ঘটনাতেও ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। এসব 'ঘটনা ও রটনা' বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮১২ ঘ.