২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ঢিলেঢালা হরতাল

বিএনপিসহ চার দলের ডাকা ১১ ঘণ্টার হরতাল সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথায় কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে ১৫ জন পিকেটারকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা ১১ ঘণ্টার হরতাল সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথায় কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে ১৫ জন পিকেটারকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়। সারাদেশেই হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। তবে মিছিল করতে গিয়েই বাধা পেয়েছে বিএনপি নেতা-কর্মীরা। সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। হরতালে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকলেও জেলা শহরগুলোতে অটোরিকশা, টেম্পু চলাচল করেছে। ট্রেন ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। চট্টগ্রাম বন্দর ও দেশের বিভিন্ন স্থল বন্দরে কাজ চললেও ট্রাক না চলায় পণ্য বাইরে যেতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস না হলেও অফিস-আদালতে কাজকর্ম চলেছে। জেলা শহরের অধিকাংশ দোকানপাট ছিলো বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : হরতালে নগরীতে দোকানপাট ছিলো বন্ধ। রাস্তায় ছিলো না কোনো পিকেটিং। সকাল থেকেই দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অবস্থান নেয় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা। বেলা পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন সেখান থেকে এক জনকে আটক করে পুলিশ। দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে এবং মুরাদপুর মোড়ে হরতালবিরোধী সমাবেশ করে নগর আওয়ামী লীগ। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিকভাবে চলেছে। তবে পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরে যায়নি। বরিশাল : হরতালের মধ্যে বিএনপি মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তা পণ্ড করে দেয়। এসময় মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া আরো ১০-১২ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের লাঠিপেটায় প্রায় ২৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এদিকে, হরতাল ও বৃষ্টি এ দুয়ের ফলে নগরীর অধিকাংশ বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলেনি। বরিশাল বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় এক যোগে অভ্যন্তরীণ রুটের ৫টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতি ১ ঘণ্টা পরপর ভোলাগামী লঞ্চ ছেড়ে যায়। নগর জুড়ে টহল দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল। দুই নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতকে সক্রিয় দেখা যায়। সিলেট : নগরীতে হরতাল ছিলো নিরুত্তাপ। বিএনপির কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। জনশূন্য রাজপথ ছিলো র‌্যাব-পুলিশের দখলে। নগরীর সব মার্কেট ও দোকানপাট বন্ধ ছিলো এদিন। দুর পাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। দু'জন নির্বাহী হাকিমের অধীনে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। খুলনা : হরতালে রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপির নেতা-কর্মীরা। ফলে কোনো মিছিল হয়নি। হরতাল চলাকালে পুলিশ সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সহ-সভাপতি কাজী সেকেন্দার আলী ডালিমসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এছাড়া দুই পিকেটারকে অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী : হরতাল চলাকালে নোয়াখালীতে ১০ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিএনপি নেতা-কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ এখানে ২৫ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ময়মনসিংহ : ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহে পাঁচ পিকেটারকে সাজা দিয়েছে। আটক করা হয় সাতজনকে। হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ : হরতালে মাঠে ছিলো না বিএনপি-জামায়াতের কোনো নেতা-কর্মী। বিএনপি নেতা-কর্মীদের একটি অংশকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ করতে দেখা গেছে। এছাড়া সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪, চাঁদপুরে ১৯, জয়পুরহাটে তিন, নরসিংদীতে নয়, পটুয়াখালীতে ১, বগুড়া একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসআইএম/এমআই/১৭৪০ ঘ.