ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা ১১ ঘণ্টার হরতাল কর্মসূচি কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে।
দূরপাল্লার বাস, অধিকাংশ দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ছাড়া হরতালের আর কোনো ছাপ দেখা যায়নি নগরজীবনে। রাজপথে দেখা যায়নি হরতালকারীদের; যদিও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের নামতে দেয়নি পুলিশ।
হরতালেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিলো স্বাভাবিক। লেনদেন হয় পুঁজিবাজারেও। কাজ চলেছে সরকারি অফিস-আদালতেও।
জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়। তবে সরকারি দলের দাবি, এ দাবির আড়ালে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে হরতাল ডাকা হয়েছে।
হরতালে 'সরকার ও ক্ষমতাসীনদের সন্ত্রাসের' প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।
হরতালের মধ্যেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বিআরটিসির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন বাস চলাচল করছিলো। কাউন্টারভিত্তিক বাসগুলো সকালে না দেখা গেলেও দুপুর ১২টার পর থেকে অনেক রুটে সে বাসগুলো চলতে দেখা যায়।
সড়কে প্রাইভেট গাড়ি দেখা না গেলেও প্রচুর পরিমাণে অটো রিকশা ও রিকশা চলেছে। যানজট না থাকায় যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন।
ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সকাল থেকে কুমিল্লার দাউদকান্দি অভিমুখে বাস চলাচল করেছে, যা আগের হরতালে দেখা যায়নি। তবে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন জেলামুখী বাসগুলো ছেড়ে যায়নি।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে বেশ ভিড় দেখা গেছে। সকালে এয়ারপোর্ট স্টেশনে গিয়ে দেখা যায় প্রচুর যাত্রীর উপস্থিতি। ট্রেনগুলোও সময় মতো ছাড়তে দেখা গেছে।
সদরঘাট থেকে লঞ্চও চলাচল করছে, তবে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কম। বিমান চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। সচিবালয় ঘুরে দেখা যায়, অন্যদিনের মতোই কার্যক্রম চলেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও স্বাভাবিক।
কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক হলেও সচিবালয়ে দর্শনার্থী কম দেখা গেছে।
সুপ্রিম কোর্টে ছুটি থাকায় কোনো মামলার কাজ চলেনি। তবে মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। ওই সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেন, "অবিলম্বে পদত্যাগ করুন। নইলে জনরোষের মুখে পালানোর সুযোগও পাবেন না।"
পুরান ঢাকায় নিু আদালতে কাজ চললেও বিচারপ্রার্থীর উপস্থিতি ছিলো কম।
ঢাকায় হরতালকারীদের তৎপরতা দেখা না গেলেও সরকার সমর্থকরা হরতালবিরোধী মিছিল করেছে বিভিন্ন স্থানে। ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হরতালবিরোধী মিছিল করেছে ছাত্রলীগ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেছেন, "বিএনপি নেতারা হরতাল ডেকে বাসায় ঘুমাচ্ছেন।"
অন্যদিকে নয়া পল্টনে পুলিশের ঘেরাওয়ের মধ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা অবরুদ্ধ হয়ে আছি, পুলিশ আমাদের ঘিরে রেখেছে।"
তবে দেশবাসী স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে দাবি করেন তিনি।
সংসদ ভবনের সামনে বিএনপির সংসদ সদস্যরা মিছিলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। পুরান ঢাকার কয়েকটি স্থানে বিএনপি নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেও পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়।
পুরান ঢাকার শাঁখারীবাজারে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়ায় পালিয়ে ান তারা। সেখান থেকে রিপন নামে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রমনা এলাকায় মিছিলের চেষ্টা করলে তিন জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও রয়েছেন। পরে গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী পরিচয় পাওয়ার পর তাদের এক জনকে ছেড়ে দেওয়া হয়।
মহাখালীতে হরতালে মিছিল করতে গিয়ে ধাওয়ার মুখে পড়েন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান।
বিএনপির পাশাপাশি চারদলীয় জোটের অংশীদার জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও হরতাল ডাকলেও তাদের কোনো তৎপরতা ছিলো না।
ঢাকার বাইরের জেলাগুলোতেও হরতাল ছিলো ঢিলেঢালা। দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও সরকারি অফিস-আদালতে কাজ চলেছে।
আগামী ২৭ সেপ্টেম্বর পল্টনে জনসভা থেকে খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের কথা থাকলেও জ্বালানির দাম বৃদ্ধি এবং গত সোমবার ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ হরতাল ডাকা হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে এটি বিএনপির ডাকা সপ্তম হরতাল।
সর্বশেষ গত ৬, ৭ ও ৮ জুলাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।
২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার দেড় বছর পর ২০১০ সালের ২৭ জুন প্রথম হরতাল ডেকেছিলো বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এসএম/সিএম/কেটি/এমআই/১৭২২ ঘ.
bdnews24