ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রতিনিধিদলকে সংবর্ধনা জানিয়ে বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দুটি দলই একই ধরনের কিছু লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
বুধবার রাতে হোটেল রূপসী বাংলায় বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান ও ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সির নেতৃত্বে ৪৯ সদস্যের ব্রিটিশ পালামেন্টারি প্রতিনিধিদল সেখানে পৌঁছালে খালেদা জিয়া তাদের স্বাগত জানান। পরে তাদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।
এর আগে প্রতিনিধি দলের আট সদস্যের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা।
সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া আশা প্রকাশ করেন, সংসদীয় দলের এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে।
এই সম্পর্ক আরো এগিয়ে নিতে কনজারভেটিভ পার্টি ও বিএনপি একযোগে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টোবিয়াস এলুড, অ্যান মাইন, নিকি মরগান, এরিক অলারেনশ', এন্ড্রু স্টিফেনসন এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সৈয়দ কামালও এই প্রতিনিধিদলে রয়েছেন।
বিএনপির নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি এম মোরশেদ খান, শমসের মবিন চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন,বরত উল্লাহ বুলু ,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এম ইলিয়াস আলী, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুরউল্লাহ, সাংবাদিক শফিক রেহমান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা ৭ দিনের সফরে গত ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকা পৌঁছান। তারা সিলেটে ব্রিটিশ অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। এই সফরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের।
আগামী শুক্রবার ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের ঢাকা ত্যাগের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24