কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করলেন স্পিকার আবদুল হামিদ।
বুধবার করিমগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, "সংসদে ভালো কথার চেয়ে খারাপ কথাই বেশি হয়। এ ক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে মাইক বন্ধ করে দিতে হয়।"
জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা বদানুবাদে অসংসদীয় বাক্য ব্যবহারের অনেক নজির রয়েছে।
বর্তমান সংসদের অষ্টম অধিবেশনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার শাড়ি নিয়ে দুই পক্ষের সদস্যরা তর্কাতর্কিতে জড়ালে স্পিকার কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।
গত ২২ মার্চ স্পিকার ক্ষুব্ধ হয়ে সংসদে বলেন, "সংসদ যেন আল্লাহর ওয়াস্তে সুন্দরভাবে পরিচালিত হয়, সে জন্য সবার সহযোগিতা চাচ্ছি।"
দেশ থেকে দুর্নীতি নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও জোর দেন স্পিকার।
তিনি বলেন, "সংসদের দুর্নীতি ৬০ ভাগ রোধ করা গেলেও শতভাগ করা সম্ভব হয়নি। কারণ দেশের মানুষ যেখানেই সুযোগ পায় সেখানেই চুরি ও দুর্নীতি করতে চায়। তাই দুর্নীতি রোধ করা খুবই কঠিন।"
জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, "মানুষ বাড়ার কারণে কৃষি জমি কমে যাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ চালানো সম্ভব নয়।"
স্পিকার বুধবার করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে নৌ অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও অপু উকিল।
হাওরপ্রধান ওই অঞ্চলের দুর্গম এলাকা থেকে গরিব রোগীদের এ নৌ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা নেওয়া করা যাবে। বেসরকারি প্রতিষ্ঠান মেরী ষ্টোপস এটি চালু করেছে। এতে সন্তানসম্ভবা নারীদের বিনা খরচে পরিবহন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24