২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে থাকবে ভ্রাম্যমাণ আদালত

আগের মতো বৃহস্পতিবারের হরতালেও ঢাকাসহ বড় শহরগুলোতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মতো বৃহস্পতিবারের হরতালেও ঢাকাসহ বড় শহরগুলোতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এবারের হরতালে ঢাকায় ১০ থেকে ১২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। হরতালে আইন-শৃঙ্খলার বিঘœ ঘটনানোর যে কোনো চেষ্টায় এসব ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক বিচারে সাজা দেওয়া হয়। এর আগেও কয়েকটি হরতালে এর প্রয়োগ ঘটেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এর সমালোচনা করে আসছে। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার সাংবাদিকদের বলেন, ঢাকার মতো অন্য নগরীগুলোতেও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল। স্বরাষ্ট্রমন্ত্রী হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে হরতাল প্রতিহত করতেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহারা বলেন, "জ্বালানির দাম বাড়ানোর নামে কার্যত যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো এবং দলীয় প্রধানের দুই ছেলের অপকীর্তি আড়াল করতে এ হরতাল ডাকা হয়েছে।" আগের হরতালে বিএনপি নেতাদের বিভিন্ন কারখানা খোলা থাকার নজির তুলে ধরে তিনি বলেন, "তারা হরতাল ডেকে নিজেদের কারখানা খোলা রেখেই জনগণের জন্য দুর্ভোগ নিয়ে আসে।" হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ প্রস্তুত থাকবে বলেও মন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫০২ ঘ.