ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ টি এম আজহারুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গঠনতান্ত্রিক ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন। এর আগে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি।"
সোমবার রাজধানীর বিজয়নগরে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার পর রাতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও প্রচার সম্পাদক তাসনীম আলমসহ তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
চারদলীয় জোটের অন্যতম শরিক এ দলটির আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ পাঁচ নেতা মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে কারাগারে রয়েছেন।
গত বছর ২৯ জুন পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করার পর এ টি এম আজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭২৭ ঘ.
bdnews24