২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিরুদ্ধে ঢাকায় ৮টি, চট্টগ্রামে ১টি মামলা

ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নয়টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদেরও। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিনশ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা/চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নয়টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদেরও। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিনশ জনকে। সোমবার ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) মাসুদুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে রমনা থানায় ছয়টি এবং পল্টন থানায় দুটি মামলা করেছে। দ্রুত বিচার আইনে করা এ সব মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। সোমবার সংঘর্ষের পরপরই আজহারুল ও তাসনীমকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতভর অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। গোয়েন্দা কর্মকর্তা মাসুদ জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকায় ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে ৯৫ জনের নাম উল্লেখসহ ৩ হাজার জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ করিম। থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় নগর জামায়াতের আমির শামসুল ইসলাম, সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকেও আসামি করা হয়েছে। সোমবার বিকালে আটক ২৬ জনের মধ্যে ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় সোমবার রাতভর অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বায়েজীদ থানার চাইলতাতলী এলাকা থেকে থানা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ডা. মো. রফিকও রয়েছেন। এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন । এর বাইরে রাতে হাটহাজারী থানা পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে আটক করে আট ছাত্র শিবিরকর্মীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমসি/এমআই/১৪৪৫ ঘ.