ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোররাতে তাকেসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের ৯৬ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল।
সোমবার ঢাকায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ২৪ ঘণ্টার মধ্যেই সংগ্রাম সম্পাদক আসাদ গ্রেপ্তার হলেন।
ওই সংঘর্ষের ইন্ধনদাতাদের খুঁজতে বিভিন্ন স্থানেই গ্রেপ্তার অভিযান চলছে বলে র্যাব ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
সংগ্রামের বিশেষ সংবাদদাতা রুহুল আমিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে মগবাজারের বাড়ি থেকে সংগ্রাম সম্পাদককে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল গাজী বলেন, আসাদকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুরের পর প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ করবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
সোমবারের সংঘর্ষের পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তার করা হয়।
দলটির শীর্ষ দুই নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদসহ পাঁচ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/এলএইচ/এমআই/১৩১০ ঘ.
bdnews24