চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল থেকে ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের হাট হাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ওই আটজনকে আটক করা হয়।
এরা হলেন, দর্শন চতুর্থ বর্ষের আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের আবু বকর ও কবির হোসেন, চতুর্থ বর্ষের ইয়াসিন আরাফাত, আরবী সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের দেলোয়ার হোসেন, চতুর্থ বর্ষের সিদ্দিক আহমেদ, ইংরেজি বিভাগের প্রথম বর্ষের আমিনুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের আতিকুর রহমান।
বাবুল আক্তার বলেন, "এই আটজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও হলে বহিরাগত বলে তাদেরকে আটক করা হয়েছে। এরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।"
সোমবার বিকালে চট্টগ্রামের মুরাদপুরে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দুটি বাস, একটি প্রাইভেট কারসহ ৮টি গাড়ি ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/০০৪৬ ঘ.
bdnews24