গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই পোস্টারে কাবা শরিফ ও মন্দিরের ছবি বসিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দেখিয়ে পোস্টার করেছিলেন গাজীপুর আওয়ামী লীগের এক নেতা। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এখন তাকে হাজত খাটতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবু রঞ্জন নন্দী নামে ওই আওয়ামী লীগ নেতাকে কাশিমপুর এলাকা থেকে রোববার গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, পোস্টারে দুর্গা পূজার শুভেচ্ছা জানান বাবু রঞ্জন। এর উপরে ডান পাশে মক্কা শরিফ, মাঝখানে দুর্গা ও বাম পাশে হিন্দুদের মন্দিরের ছবি ছিলো। পোস্টারটির কারণে এলাকায় মুসলমানদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্দিরের সঙ্গে মক্কা শরিফের ছবি ছাপার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে বলে মনে করেন কাশিমপুর বিএডিসি মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান।
তিনি বলেন, "এটি ক্ষমার অযোগ্য অপরাধ। যিনি পোস্টার করেছেন তাকেও আইনের আওতায় আনা উচিত।"
পোস্টারের নিচে সৌজন্যে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের নাম ব্যবহার করা হলেও খোদ আব্দুল আজিজের দাবি, তার অনুমতি ছাড়াই ওই পোস্টারে নাম ব্যবহার করা হয়েছে।
কাশিমপুর বাজারে বাবু রঞ্জনের একটি ওষুধের দোকান রয়েছে। তিনি কাশিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
অভিযোগ প্রসঙ্গে রঞ্জন নন্দী বলেন, "পোস্টারে মন্দিরের সঙ্গে মুসলমানদের পবিত্র স্থান মক্কা শরিফের ছবি দেওয়া আমার ভুল হয়েছে। এ ঘটনার জন্য আমি এলাকার সবার কাছে ক্ষমা চেয়েছি এবং আমার সব পোস্টার খুলে ফেলতে বলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৪ ঘ.
bdnews24