সিলেট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয় ও দলটির নেতাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সমর্থকরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা ছাত্রলীগের একটি মিছিল বের হয়।
মিছিলটি নিউ মার্কেট আসার পর ছাত্রলীগ নেতাকর্মীরা জামায়াতের কার্যালয় এবং 'তামাম' নামে জামায়াত নেতাদের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
তামাম'র পরিচালক স্থানীয় জামায়াত নেতা নজমুল ইসলাম জানান, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীরা তার দোকানে হামলা চালিয়েছে। এসময় দুই মহিলা ক্রেতা আহত হয়েছেন।
তারা জামায়াতের কার্যালয়ে হামলা চালিয়েছে বলেও তিনি জানান।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জামাল হোসেন হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৬ ঘ.
bdnews24