শেরপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী কাজে জড়িত অভিযোগে শেরপুরের নকলা উপজেলা ছাত্রদল সভাপতি দেওয়ান গোলাম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নকলা পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নকলা থানার ওসি একেএম ফছিহুর রহমান জানান, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামুনের বিরুদ্ধে নকলা থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
মামুন নকলা বাজারের বাসিন্দা অধ্যাপক গোলাম হোসেনের ছেলে।
মামুনের ভাই নকলা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক দেওয়ান গোলাম মাসুম অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানির করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24