ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিল্ক ভিটায় বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া পাঁচশ ৭২ জন কর্মচারীর চাকরি কোন্ প্রক্রিয়ায় স্থায়ী হয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সুপারিশও করেছে কমিটি।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. রহমত আলী বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১-০৫ সালে জোট সরকারের আমলে পাঁচশ ৫১ জন এবং বর্তমান সরকারের আমলে একশ তিনজনকে দৈনিক হাজিরা ভিত্তিতে কার কার সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তা বৈঠকে জানতে চায় সংসদীয় কমিটি।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ২০০১ থেকে আজ পর্যন্ত নিয়োগ (দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োগসহ), বদলী, পদোন্নতি, উৎপাদন, বিপণন, অডিট, লাভ-ক্ষতি ও নতুন প্রকল্প গ্রহণ (শ্রীপুর জেলার বারমার প্রকল্পসহ) বিষয়ে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয় বৈঠকে।
এ পর্যন্ত নিয়োগ পাওয়া কর্মচারীর তথ্য উল্লেখ করে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক কর্মচারীর পরিচিতি এবং আগের পাঁচশ ৭২ জনকে কোন্ প্রক্রিয়ায় স্থায়ী করা হয়েছে তা আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
গুঁড়ো দুধ উৎপাদন ও বিপণনে তারতম্য কেন
গুঁড়ো দুধ উৎপাদন বেশি হলে বিপণন কম কেন তাও জানতে চেয়েছে কমিটি।
কমিটিকে জানানো হয়, মিল্ক ভিটা ২০০৮-১১ পর্যন্ত ৬৫ দশমিক ৮৮ লাখ কেজি গুঁড়ো দুধ উৎপাদন করেছে। কিন্তু বিপণন করা হয়েছে মাত্র ১১ দশমিক শূন্য আট লাখ কেজি।
গুঁড়ো দুধ উৎপাদন ও বিপণনের এই তারতম্যের ব্যাখ্যা চাওয়া হলে বৈঠকে জানানো হয়, বাকি গুঁড়ো দুধ তরল দুধের সঙ্গে মিশিয়ে বাজারজাত করা হয়েছে। কেননা যখন দুধ বেশি পাওয়া যায় তখন তা গুঁড়ো দুধে রূপান্তর করে রাখা হয় এবং প্রয়োজনে তা তরল দুধের সঙ্গে মিশিয়ে বাজারজাত করা হয়।
দীর্ঘসূত্রতা পরিহার করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার টুঙ্গিপাড়া দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বৈঠকে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০৩৪ ঘ.
bdnews24