২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাদেরই পাশে আশা করছেন ফখরুল

বিএনপির ঐক্য সুদৃঢ় দাবি করে উল্টো সরকারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতাদের পাশে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঐক্য সুদৃঢ় দাবি করে উল্টো সরকারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতাদের পাশে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "সরকারি দলের বেশ কিছু নেতা ও সংসদ সদস্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সংসদে ও সংসদের বাইরে কথা বলছেন। আমরা সরকারের ওই ব্যর্থতারই বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা আশা করবো, এই প্রশ্নে সরকারি দলের ক্ষুব্ধরা আমাদের আন্দোলনে শরিক হবেন।" সরকার বিএনপি ভাঙার লক্ষ্যে দলের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করছেন বলে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ধরে এ কথা বলেন বিএনপির মুখপাত্র ফখরুল। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও দলের নেতা-কর্মীদের ঐক্য অটুট বলে দাবি করেন তিনি। ফখরুল বলেন, "আমাদের দলে কোনো অনৈক্য নেই, কোন্দল নেই। আমরা অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।" "তবে সরকার তার রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে। বিভিন্ন গণমাধ্যমে বিএনপি সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে,", বলেন তিনি। ফখরুল দুপুরে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। সরকাবিরোধী আন্দোলনের কর্মসূচির বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চার দলের শরিক এবং সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই দুই-একদিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হবে। ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে ফখরুল বলেন, "দেশে গণতন্ত্র আজ বিপর্যস্ত। বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা খর্ব করেছে। এখন গণতন্ত্রের নামে দেশে স্বৈরাচারী একদলীয় শাসন প্রতিষ্ঠার অপপ্রয়াস চলানো হচ্ছে।" সরকারবিরোধী আন্দোলনে দলের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.