রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন।
হামলার জন্য জোট নেতারা ছাত্রলীগকে দায়ী করলেও সরকার সমর্থক ছাত্র সংগঠনটি এতে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ও হলের সিট ভাড়া বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট কয়েকদিন ধরে কর্মসূচি চালিয়ে আসছে। বুধবার দুপুরে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে হামলা হয়।
দুপুর দেড়টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের প্রধান ফটক প্রায় এক ঘণ্টা বন্ধ করে রাখে। বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করে। এরপর বিকাল পৌনে ৩টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী বহিরাগতদের নিয়ে ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
হামলায় ১০ জন আহত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন আহমেদ।
তিনি বলেন, "সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ছাত্রলীগকর্মী ভাগ্নে মাসুদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত ক্যাডার এ হামলা চালায়।"
আহতদের মধ্যে রয়েছেন- ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব রকি, ছাত্রমৈত্রীর আহ্বায়ক ইকবাল কবির, সমাজতান্ত্রিক ছাত্রফণ্টের স্কুলবিষয়ক সম্পাদক রেহান মাহমুদ।
এদিকে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আহম্মেদ আলী ও আবু হুসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
প্রক্টর চৌধুরী মহাম্মদ জাকারিয়া জানান, বিশৃঙ্খলার কথা শুনে তিনি প্রশাসন ভবনের সামনে পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন।
রাবিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এইচ ও জি ইউনিটের ফরমের মূল্য ৩৮৫ টাকা থেকে ৬০৫ টাকা, এফ-২ ইউনিটের ২২০ টাকা থেকে ৪৪০ টাকা, এফ-১ ইউনিটের ২২০ টাকা থেকে ৩৫৭ টাকা, ই ইউনিটের ৩৩০ টাকা এবার ৯৩৫ টাকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২৫ ঘ.
bdnews24