ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতায় মনমোহন সিংয়ের সফর থেকে কোনো অর্জন আসেনি- এমন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, এই সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে।
সোমবার এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ অভিযোগ করে বলেন, "পররাষ্ট্রনীতির দেউলিয়াত্বের কারণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর থেকে কোনো অর্জন হয়নি। দেশের মানুষ হতাশ। আমরা কোনো কিছুই পাইনি। সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে।"
"বাণিজ্য ঘাটতি কমানোসহ সীমান্ত হত্যা বন্ধের কোনো আশ্বাস পাওয়া যায়নি। অথচ করিডোর দেওয়ার সব ব্যবস্থা নিশ্চিত করে ফেলা হয়েছে", যোগ করেন ফখরুল।
মহিলা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে মহানগর কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে- অভিযোগ করে ফখরুল বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আবার নতুন করে সরকার মামলা দিচ্ছে। উদ্দেশ্য তাদের সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা। কিন্তু লাভ হবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলন হবেই।"
যোগাযোগ ব্যবস্থা, আইন-শৃঙ্খলা, দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।
নূরে আরা সাফা'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান, সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজ, উপদেষ্টা শাহিনা খান, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সম্পাদক বিককিস জাহান শিরিন, নিয়াজ হালিমা আর্লি, মহিলা সাংসদ রাশেদা বেগম হীরা প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯১৮ ঘ.
bdnews24