২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিদেশিদের স্বার্থ দেখছে: খালেদা

সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, ''আওয়ামী লীগ জনগনের ভোটে নির্বাচিত হয়নি। তারা বিদেশি বস্তাভর্তি টাকায় ক্ষমতায় বসেছে। এজন্য সরকার বিদেশিদের স্বার্থ রক্ষা ও তাদের কাছে দেয়া ওয়াদা পূরণে ব্যস্ত রয়েছে।'' রোববার রাতে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা গুলশানের কার্যালয়ে ফুল দিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানায়। গত ৯ সেপ্টেম্বর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। খালেদা জিয়া অভিযোগ করেন, ''দেশের কোথাও কোনো উন্নয়ন নেই। সর্বত্র চলছে দূর্নীতি আর লুটপাট। মন্ত্রী এমপিরা লুটপাট করছে। এভাবে দেশ চলতে পারে না। এ সরকারকে সরাতে হবে।'' সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান মহাজোট সরকারের আমলে নারীরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুলসহ কয়েকটি মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ''আওয়ামী লীগের আমলে নারী নির্যাতন ব্যাপক হারে বেড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা লাঞ্ছিত হওয়ার পেছনে ক্ষমতাসীন দলের বড় বড় নেতারা জড়িত রয়েছে বলেই ওইসব ঘটনার কোনো বিচার হয়নি। সরকার এক্ষেত্রে নিশ্চুপ থেকেছে।'' মহাসড়কের বেহাল চিত্র তুলে ধরে তিনি বলেন, ''মহাসড়কের রক্ষাবেক্ষণের জন্য বরাদ্দকৃত অর্থ লুটপাটের জন্য দেশের যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা হয়েছে। এজন্য ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের দুর্নীতি দায়ী।'' আন্দোলনের কর্মসূচি সম্পর্কে খালেদা জিয়া বলেন, ''মানুষ আজ এই সরকারের হাতে নিরাপদ নয়। তাই দেশ রক্ষার জন্য দেশের মানুষ কর্মসূচি চায়। অনেকে আমাদের বলেন, কোনো কর্মসূচি দিচ্ছি না। আমরা অবশ্যই কর্মসূচি দেবো। মা-বোনদের বলব, আপনারা ঘরে বসে থাকবেন না। দেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করতে এগিয়ে আসুন।'' তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ''নির্বাচনে ভরাডুবি হবে বলেই সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। কিন্তু আমরা বলে দিতে চাই, এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না।'' জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমানও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২২৪০ ঘ.