২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম দক্ষিণ বিএনপির দুই পক্ষের কর্মীদের হাতাহাতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভায় হাতাহাতি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র দুই নেতার অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভায় হাতাহাতি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র দুই নেতার অনুসারীরা। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা কমিটি কার্যালয়ে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সহ-সভাপতি এনামুল হক ও ইদ্রিছ মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শেষ পর্যায়ে সভার সভাপতি ও দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি এনামুল হক বক্তব্য দিতে উঠলে অন্য সহ-সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ মিয়ার সমর্থকরা পাল্টা শ্লোগান দেয়। তখন ইদ্রিছ মিয়াও উপস্থিত ছিলেন। এক পর্যায়ে খোরশেদ নামে ইদ্রিছ মিয়ার এক সমর্থক বিরোধীদের ওপর চড়াও হলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেমন বড় কোনো ঘটনা নয়, শ্লোগান দেওয়া নিয়ে 'মৃদু' হাতাহাতি হয়েছে। কোতয়ালী থানার সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আমিন সাংবাদিকদের জানান, বক্তৃতা ও স্লোগান দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়। ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি লাভ করেন। ২০০৯ সাল থেকে বিএনপি ১১ সেপ্টেম্বরকে খালেদা জিয়ার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে। ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়। তাকেও রাখা হয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২১০১ ঘ.