২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে 'নতুন' চক্রান্ত চলছে: ফখরুল

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'নতুন করে' চক্রান্ত হচ্ছে অভিযোগ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভাবে অপপ্রচার চালিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'নতুন করে' চক্রান্ত করা হচ্ছে অভিযোগ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভাবে অপপ্রচার চালিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবে না। তারেকের 'কারামুক্তি দিবস' উপলক্ষে শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, ''তারেক রহমান দেশে নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন বলেই আওয়ামী লীগ তাকে ভয় পায়। এ জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। নতুন করে আবার অপপ্রচার শুরু করেছে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৩ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে। ওই বছর ৭ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। এরপর থেকে প্রতি বছর ৭ সেপ্টেম্বর তারেকের 'কারামুক্তি দিবস' হিসেবে পালন করে আসছে বিএনপি। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, "এক-এগারোর পর কিছু চিহ্নিত পত্রিকা তার (তারেক) বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলো। অবৈধ তত্ত্বাবধায়ক সরকার তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। কিন্তু সেসব মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ সরকার দাখিল করতে পারেনি।" স¤প্রতি ২১ আগস্টের গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেককে আসামি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "পুরনো মামলায় শাস্তি দিতে না পেরে সরকার এখন তাকে নতুন করে মিথ্যা মামলায় জড়িয়ে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে শাস্তি দিতে চায়। তারেক রহমান 'একটি সংগ্রামের নাম' উল্লেখ করে ফখরুল বলেন, "তাকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখাই এ ষড়যন্ত্রের উদ্দেশ্য।" একইভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। তার দাবি, ষড়যন্ত্রের অংশ হিসেবেই স¤প্রতি দুর্নীতি দমন কমিশন খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট্র দুর্নীতির মামলা করেছে। জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট্রের নমে জমি কেনার ক্ষেত্রে খালেদা জিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে ওই মামলায়। মির্জা ফখরুল বলেন, "সরকারকে বলব, সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। তা না হলে আমরা বুঝে নেবো- ভরাডুবি জেনেই আপনারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন।'' গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করা হয়, বিএনপি শুরু থেকেই যার বিরোধিতা করে আসছে। এ পদ্ধতি বহাল রাখার দাবিতে সমমনাদের নিয়ে হরতালও করেছে প্রধান বিরোধী দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জ ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আলোচনা সভায় বলেন, "তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায়। কারণ তিনি তৃণমূল পর্যায়ে শহীদ জিয়ার রাজনীতিকে ছড়িয়ে দিয়েছিলেন। এ জন্যই তারা তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার দিনগুলোর কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, "আমি দেখেছি- কারাগারে বন্দিদশার মধ্যে তিনি কীভাবে দেশকে এগিয়ে নেয়া যায়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়- সেই চিন্তাই করতেন।" মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের সহসভাপতি সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯৫৭ ঘ.