২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ'লীগ নেতাকর্মীর হাতে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত'

মানিকগঞ্জ সদর উপজেলায় এক সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় এক সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন তার কার্যালয়ে লাঞ্ছিত হন। মোশারফ হোসেন অভিযোগ করেন, দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন ও জেলা যুবলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক তুষার তার কার্যালয়ে যান। তিনি বলেন, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে না হয়ে হাটিপাড়ায় একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাস হয়। কৃষ্ণপুরে না হওয়ায় তার সঙ্গে ইসরাফিল ও তুষারের কথা কাটাকাটি হয়। "এ সময় কার্যালয়ের বাইরে থাকা আওয়ামী লীগের ৭/৮জন কর্মী তার কক্ষে ঢুকে মারধর শুরু করে," বলেন তিনি। যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক তুষার মারপিটের মারধরের কথা অস্বীকার করে বলেন, প্রকল্প কর্মকর্তার খামখেয়ালীপনার কারণে কৃষ্ণপুরে না হয়ে হাটিপাড়ায় স্থানান্তর হয় সেতু প্রকল্প। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। শারীরিক লাঞ্ছনার প্রশ্নই ওঠে না। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বাকবিতন্ডার ঘটনা শুনেছি। এজন্য তারা ওই কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.