২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপির দুইশ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পিরোজপুর জেলা বিএনপির সভাপতিসহ প্রায় দুইশ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

পিরোজপুর, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পিরোজপুর জেলা বিএনপির সভাপতিসহ প্রায় দুইশ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় মিছিল চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়। পিরোজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নকীব আকরাম হোসেন বাদী হয়ে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে রাতেই বিএনপির প্রায় দুইশ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার প্রতিবাদে রোববার বিএনপি দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির জেলা সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবুল কালাম আকন, সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, সৈয়দ সাব্বির আহম্মেদ, শেখ শহিদুল্লাহ শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, আরিফ সরদার ও রনি শেখ। এরমধ্যে আরিফ সরদার ও রণি শেখকে গ্রেপ্তার করার পর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৭ মার্চ তারেক রহমানকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করেছিলো তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। পিরোজপুর থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোটা দিয়ে আঘাত এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ১৫ জনের নাম উল্লেখসহ বিএনপির প্রায় দুইশ' নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। এরমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের, দু'জন ছাত্রনেতাকে গ্রেপ্তার এবং শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনকরেছে বিএনপি। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নজরুল ইসলাম খান, আবুল কালাম আকন, সাব্বির আহম্মেদ, লিয়াকত আলী শেখ বাদশা, শেখ শহীদ, সাইদুল ইসলাম কিসমত ও হাসানুল কবির লীন বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে কারামুক্তি দিবসের মিছিলটি বের হয়ে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর মিছিরকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক তাপস রায় চৌধুরী, মো. সোলায়মান, নকীব আক্রাম হোসেন, পিএসআই মো. রেজাউল ও কনস্টেবল মো. আব্দুল্লাহ। আহত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, মুরাদ শেখ, মাসুদ, বাবু, শাহ আলম, রিপন ও মিন্টু। বাকিদের নাম জানা যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৮ ঘ.