নরসিংদী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মিছিল চলাকালে নরসিংদী শহরে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে দু'জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণদী এলাকায় জেলা বিএনপির একাংশের সভাপতি খায়রুল কবির খোকন ও অপর অংশের সভাপতি মেজবাহ উদ্দিন ইরান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় দু'পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এছাড়া তারা ধারালো অস্ত্রও ব্যবহার করে।
সংঘর্ষ চলাকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত ছাত্রদলকর্মী জুয়েল (২০) ও দিপুকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দু'জন কোন অংশের সমর্থক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেল বিএনপির সাংগঠনিক সম্পাদক (মেজবাহ উদ্দিন ইরান গ্রুপ) তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে জেলা বিএনপির একাংশ সমর্থিত ছাত্রদলের একটি মিছিল ব্রাহ্মণদী মালাকার বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষ গ্রুপের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের পর শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24