ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে হটিয়ে মমতাজ উদ্দিন (এমইউ) আহম্মেদ 'হত্যার' প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
পুলিশি নির্যাতনে আইনজীবী আহম্মেদের মৃত্যু হয়েছে- এ অভিযোগে সারাদেশেই প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি।
হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহম্মেদ শুক্রবার স্কয়ার হাসপাতালে মারা যান। জামিনে মুক্তির পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
ঢাকায় দুটি জানাজার পর আহম্মেদের লাশ বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরো দুটি জানাজার পর গাবতলী উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামে রাত সাড়ে ৯টায় তাকে দাফন করা হয়।
আহম্মেদের পরিবার ও বিএনপির অভিযোগ, গত ১১ অগাস্ট গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনই এ আইনজীবীর মৃত্যুর কারণ।
আহম্মেদের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকও একই দাবি করেছেন।
বিএনপি সমর্থক আইনজীবীরা নির্যাতনের অভিযোগ করলেও তা নাকচ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আহম্মেদের লাশ নিয়ে এখন 'রাজনীতি' করা হচ্ছে।
নয়া পল্টনে সমাবেশ
বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ফখরুল বলেন, "এম ইউ আহম্মেদকে হত্যা করা হয়েছে। এর প্রতিশোধ নিতে হবে। ফ্যাসিস্ট ও জালেম সরকারের পতন ঘটিয়েই তার হত্যার প্রতিশোধ নেওয়া হবে।"
"পুলিশ হেফাজতে সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যুর এই ঘটনা নজিরবিহীন। মমতাজ উদ্দিনকে গ্রেপ্তারের আগে তিনি ছিলেন একজন সুস্থ মানুষ। গ্রেপ্তারের পর নির্যাতনে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর আর জ্ঞান ফেরেনি। এই হত্যা সরকারের মানবাধিকার লঙ্ঘনের জলন্ত প্রমাণ", বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, হাইকোর্টে হট্টগোলের মামলায় এম ইউ আহম্মেদকে আসামি করা হলেও ঘটনার দিন তিনি আদালতেই ছিলেন না, ছিলেন মুন্সিগঞ্জে।
গত ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে মুফতি আমিনীর বিরুদ্ধে অভিযোগের শুনানিতে খালেদা জিয়ার নাম উঠলে আদালতে সরকার সমর্থক ও বিরোধী দল সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনায় পুলিশ দুটি মামলা করে। তার একটির আসামি ছিলেন আহম্মেদ।
তার স্ত্রী এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিলো।
পরিবারকে না জানিয়ে আহম্মেদের ময়না তদন্তের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সমাবেশে বলেন, "হত্যাকাণ্ড আড়াল করতে ভুয়া প্রতিবেদন তৈরির জন্য পুলিশ মমতাজ উদ্দিনের ময়না তদন্ত এভাবে করেছে। এসব করে হত্যাকাণ্ড ঢেকে ফেলা যাবে না। জড়িতদের অবশ্যই বিচার করা হবে।"
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, আমিরুজ্জামান শিমুল।
সমাবেশ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এম ইউ আহম্মেদের দ্বিতীয় জানাজা হয়। কালো ব্যাজ পরে, কালো পতাকা হাতে বিএনপি নেতা-কর্মীরা শোক মিছিলও করেন।
এরপর বেলা আড়াইটার দিকে আহম্মেদের লাশ বগুড়ার শেরপুরে নিয়ে যাওয়া হয়।
সুপ্রিম কোর্টে জানাজা
ঢাকা মেডিকেলে ময়না তদন্তের পর দুপুর ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে এম ইউ আহম্মেদের লাশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে জানাজায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারকও অংশ নেন।
জানাজার আগে সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, "প্রতিদিন হাইকোর্ট থেকে শত শত হত্যাকারী, ছিনতাইকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী জামিন নিচ্ছে। অথচ একজন আইনজীবীকে জামিন দিলো না। জামিন না পেয়ে পুলিশের নির্যাতনে তিনি মারা গেলেন।"
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বলেন, "গণতন্ত্র রক্ষার আন্দোলনে আইনজীবীদের মধ্যে এম ইউ আহম্মেদ প্রথম শহীদ। এ আন্দোলনে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আইনজীবীরা দেখিয়ে দেবে তারা কাউকে ভয় পায় না। এ আন্দোলনেই সরকারের পতন হবে।"
প্রতিবছর ২৬ আগস্ট কালো দিবস পালনেরও ঘোষণা দেন তিনি।
জানাজায় আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহহ্াব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, আইনজীবী টিএইচ খান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিকল্পধারার নেতা মাহি বি চৌধুরীসহ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
জানাজার পর পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে এম ইউ আহম্মেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রধান বিচারপতির বাসার সামনে অবস্থান
সুপ্রিম কোর্টে জানাজার পর নয়া পল্টনে লাশ নিয়ে যাওয়ার পথে হেয়ার রোডে প্রধান বিচারপতির বাড়ির সামনে কফিনসহ অবস্থান নেয় বিএনপি সমর্থক আইনজীবীরা।
সেখানে ১০ মিনিট অবস্থানকালে খোন্দকার মাহবুব বলেন, "আমরা প্রধান বিচারপতির বাসার সামনে অবস্থান ধর্মঘট করছি। বর্তমান সরকার বিচার বিভাগকে ভেঙে ফেলেছে। দেশে দলগত শাসন চলছে। সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি শপথের বাইরে গিয়ে রাগ, বিরাগের বশবর্তী হয়ে কাজ করছেন। এম ইউ আহম্মেদের জামিন হলে এ ধরনের ঘটনা ঘটতো না। বর্তমান সরকার ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ।"
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেন, "আমরা প্রধান বিচারপতির কাছে জানতে চাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলসহ হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিচার করবেন কি না।"
"প্রধান বিচারপতি যদি বিচার না করেন, তবে আমরা আল্লাহর কাছে এর বিচার চাই", বলেন রফিকুল ইসলাম।
প্রধান বিচারপতির বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালনের পর লাশ নিয়ে যাওয়া হয় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে।
ময়না তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে উত্তেজনা
আহম্মেদের পরিবারের ইচ্ছায় শুক্রবার লাশের ময়না তদন্ত হয়নি। লাশ স্কয়ার হাসপাতাল থেকে নেওয়া হয় বারডেমে। শনিবার সকালে হাইকোর্ট এলাকায় তার জানাজার প্রস্তুতি ছিলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির।
তবে রাতে আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ নির্যাতনের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, অ্যাটর্নি জেনারেল ও তিন পুলিশ কর্মককর্তার বিরুদ্ধে থানার একটি অভিযোগ করলে পুলিশ ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়।
সকালে বারডেমে গিয়ে লাশ না পেয়ে আহম্মেদের পরিবারের সদস্যসহ বিএনপি সমর্থক আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন।
সকাল ১০টার দিকে বিএনপি সমর্থক আইনজীবী ও কিছু নেতাকর্মী আইনজীবী সমিতি ভবনে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল বের করে বিএনপি সমর্থক আইনজীবীরা। ১১টার দিকে তারা সুপ্রিম কোর্টের মূল ফটকের বাইরের রাস্তায় এসে অবস্থান নেন। ওই সময় আইনজীবীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
তারা 'এম ইউ আহম্মেদের রক্ত-বৃথা যেতে দেবো না। আইনজীবী জনতা-গড়ে তোল একতা, লাশ চাই-লাশ চাই' প্রভৃতি স্লোগান দেয়। হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও স্লোগান দেন আইনজীবীরা।
রফিকুল ইসলাম মিয়া বলেন, "নিজেদের ইচ্ছামতো সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্যই পুলিশ আমাদের কাউকে না জানিয়ে, পরিবারকে না জানিয়ে এম ইউ আহম্মেদের লাশ নিয়ে গেছে।"
ময়না তদন্তের পর লাশ সুপ্রিম কোর্টে আনার পর আইনজীবীরা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএন/এসএম/এমআই/২৩১৯ ঘ.
bdnews24