ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের (৫২) মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও অ্যাটর্নি জেনারেলসহ তিন পুলিশ কর্মককর্তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী সেলিনা আহম্মেদ।
শুক্রবার রাতে রাজধানীর রমনা থানায় করা এ অভিযোগে সেলিনা বলেছেন, "ওই ছয় জনের ষড়যন্ত্রের কারণে ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল আমার স্বামীকে ধরে নিয়ে যায়। আমাদের ধারণা, ধরে নিয়ে যাওয়ার পর তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এ কারণেই তার মৃত্যু হয়।"
রাজধানীর স্কয়ার হাসপাতালে শুক্রবার দুপুর ১টার দিকে মারা যান সাবেক এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
তার নাতি অ্যাডভোকেট মইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মামলা করার জন্য থানায় অভিযোগ দিয়েছি। তবে পুলিশ এখানো তা এজাহার হিসেবে গ্রহণ করেনি।"
রমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখছি।"
অ্যাডভোকেট মইনুল জানান, জমা দেওয়া অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ স্বরাষ্ট্র সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, গোয়েন্দা পুলিশের উপ কমিশনার ও শাহবাগ থানার ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।
গত ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয়। সেখানে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে ও হাতাহাতি হয়।
এরপর পুলিশ বাদি হয়ে বিএনপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে দুটি মামলা করে। এর একটি মামলায় আসামি করা হয় এম ইউ আহম্মেদকে। ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়লে পুলিশ অ্যাডভোকেট আহম্মেদকে হাসপাতালে ভর্তি করে। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়। তবে পুলিশ তখন বলেছিলো, ওই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছে।
গত ১৭ আগস্ট ওই মামলায় অন্য আইনজীবীদের সঙ্গে জামিন পান পান এমইউ আহম্মেদও। জামিনের পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তিনি মারা যান।
স্ত্রীর দাবি ও পুলিশের বক্তব্য
এম ইউ আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ শুক্রবার হাসপাতালে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের পর হাসপাতালে প্রথম দেখা হওয়ার পর তিনি তার স্বামীর কছে নির্যাতনের বিষয়ে জানতে চেয়েছিলেন।
"তখন তিনি বলেছিলেন, 'এসব কথা বলো না, বললে এরা আমাকে আরো মারবে'। সে সময় তিনি পুলিশ দেখলে চমকে উঠতেন", বলেন সেলিনা।
এদিকে ঢাকা মহানগর পুলিশ নির্যাতনের অভিযোগ নাকচ করে বলেছে, গ্রেপ্তারের পর আহম্মেদ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, আইনজীবী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
অবশ্য গ্রেপ্তারের দিন সেলিনা সাংবাদিকদের বলেছিলেন, তার স্বামীর অ্যাজমা ছিল; আহম্মেদ হৃদরোগী ছিলেন না।
শুক্রবার বিকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিনের পর গত ১৬ অগাস্ট হৃদরোগ ইনস্টিটিউটে আহম্মেদের দায়িত্ব তার স্ত্রী নেন এবং পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।
তবে সেলিনা দাবি করেছেন, তার স্বামীর মৃত্যু হত্যাকাণ্ড। এজন্য হাইকোর্টের দুই বিচারপতি (যাদের বেঞ্চে জামিন আবেদন করা হয়েছিলো), অ্যাটর্নি জেনারেল, ডিবি পুলিশের 'নির্যাতনকারী' কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন তিনি।
ময়নাতদন্ত হয়নি, শনিবার জানাজা
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের বলেন, শেরেবাংলা নগর থানার ওসি বরাবর এম ইউ আহম্মেদের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত হয়নি।
সন্ধ্যা ৬টার দিকে পরিবাবের সদস্যরা লাশ নিয়ে যান বলে জানান শেরে বাংলানগর থানার ওসি জিয়াউজ্জামান।
আহম্মেদের ভাগ্নে আব্দুর রাজ্জাক জানান, "ওসি বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে ৬টার দিকে লাশ আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তার লাশ বারডেমে স্থানান্তর করা হয়েছে।"
শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে আহম্মেদের প্রথম জানাজা হবে বলেও জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচি
অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের মৃত্যুতে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একই কারণে সোমবার বিক্ষোভ সমাবেশ করবে।
শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করে বলেন, "এম ইউ আহম্মেদের মৃত্যু অস্বাভাবিক। তাকে পুলিশি হেফাজতে নির্যাতন করা হয়েছিলো। সেই নির্যাতনেই আজ তার মৃত্যু হয়েছে।"
"আমরা পুলিশের এ রকম বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাজ ধারণ করবো," যোগ করেন তিনি।
শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান তিনি।
পাশাপাশি সোমবার আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
স্কয়ারে আইনজীবীদের বিক্ষোভ
দুপুরে আহম্মেদের মৃত্যুর খবর পেয়ে বিএনপি সমর্থক অনেক আইনজীবী স্কয়ার হাসপাতালে ছুটে যান। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকও যান সেখানে।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "আমি কোনো দলের নই। এক জন আইনজীবীর মৃত্যুর খবর পেয়ে এখানে এসেছি। এ ধরনের মৃত্যু দুঃখজনক।"
আহম্মেদের মৃত্যুর কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন ব্যারিস্টার রফিক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "একজন নিরাপরাধ এবং নিরীহ ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা তার আগাম জামিনের আবেদন করেছিলাম। সেই আবেদন আদালতে বিবেচনাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।"
সাধারণত আদালতে কারো জামিন আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় কাউকে গ্রেপ্তার করা না হলেও পুলিশ সেই রীতি ভঙ্গ করে আহম্মেদকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন মওদুদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বলেন, "আমরা মনে করি, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠছিলো, তাকে স্তব্ধ করতেই এম ইউ আহম্মেদকে হত্যা করা হয়েছে।"
"স্কয়ার হাসপাতালে পুলিশ না থাকলেও তাকে গ্রেপ্তারের পর আমরা তার জামিন পাইনি, সুতরাং পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়েছে", বলেন তিনি।
বিকেলে আহম্মেদের মৃত্যুর খবর পেয়ে স্কয়ার হাসপাতালে গিয়ে আইনজীবীদের ক্ষোভের মুখে পড়েন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে বিকাল ৫টার দিকে হাসপাতালে যান। তার সঙ্গে কয়েকজন পুলিশও ছিলেন। তাকে দেখে বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ করে উঠলে পুলিশ পাহারায় তিনি লিফটে উঠে পড়েন। তখন এক দল আইনজীবীও হৈ চৈ করতে করতে সিঁড়ি দিয়ে উঠে পড়েন। তবে পুলিশের বাধায় তারা অ্যাটর্নি জেনারেলের কাছে যেতে পারেননি।
প্রয়াত আইনজীবীকে দেখে আধা ঘণ্টা পর পুলিশ পাহারাতেই হাসপাতাল ছাড়েন মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএন/জেকে/০২৩৫ ঘ.
bdnews24