২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকু কারামুক্ত

জামিন পাওয়ার পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন পাওয়ার পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। কারা ফটকে তাকে স্বাগত জানায় ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজপত্র আসার পর ছাত্রদল সভাপতিকে ছেড়ে দেওয়া হয়। টুকুর সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরও ছাড়া পান। টুকুকে গত ৫ জুলাই আটক করা হয়। তাকে মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় প্রথমে গ্রেপ্তার দেখায় পুলিশ। কিন্তু তাতে তিনি জামিন পেলেও অন্য কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাচ্ছিলেন না। তবে টুকুর এক আবেদনে হাইকোর্ট গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার না করতে পুলিশকে বুধবার নির্দেশ দেয়। ছাত্রদল নেতা নাসিরের ক্ষেত্রেও একই আদেশ দেয় হাইকোর্ট। নাসির গত ৭ জুন গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া বুধবার বিকালে ছাড়া পান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকাদর খোকন। তাকে গত ১২ জুলাই গ্রেপ্তার করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৭২০ ঘ.