ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশ অগাস্ট গ্রেনেড হামলার মামলা বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
২১ অগাস্টের হামলার বার্ষিকীতে রোববার প্রধানমন্ত্রী বলেছিলেন, বিএনপির মদদে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিলো। এ হামলার বিচার হবে। রায় বাংলার মাটিতেই কার্যকর হবে। এর একদিন পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ওই বিষয়ে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করেছেন।
এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, "একটি রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতার কাছ থেকে জাতি কখনো এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করে না। একটি গণতান্ত্রিক দেশে সমরাস্ত্র দিয়ে কোন রাজনৈতিক দলকে ধ্বংস করা কোন সভ্য কাজ নয়। এ ক্ষেত্রে যুদ্ধাপরাধের চেয়েও ২১ আগস্টের গুরুত্ব বেশি। এ ঘটনার বিচারের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ফিরে আসবে।"
বিএনপির আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, "কোন গোপন আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রট কিংবা মোবাইল কোর্ট নয়, বিচার হবে প্রকাশ্য আদালতে, সম্পূর্ণ আইনানুগ ভাবে। আপনাদের (বিএনপি) আত্মপক্ষ সমর্থনের সুযোগ পুরোপুরি থাকবে। সাক্ষ্য প্রমাণ যা আছে তা নিয়ে আপনারা হাজির হোন, প্রমাণ করুন আপনারা নির্দোষ।"
২০০৪ সালের ওই হামলার ঘটনায় বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তে আসামি করা হয়েছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ কয়েকজন বিএনপি নেতাকে।
বিএনপি দাবি করে আসছে, তারেককে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "ইতোমধ্যে তদন্তে গ্রেনেড হামলায় হাওয়া ভবন, বিএনপির সাবেক সাংসদ নাসিরুদ্দিন পিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে।"
সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয় বলও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৯১২ ঘ.
bdnews24