২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নিরাপত্তায় রক্ষীরা সতর্ক

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এর পাশাপাশি মনমোহন সিংহের সফরের সময় নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলোও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্টনন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এর পাশাপাশি মনমোহন সিংহের সফরের সময় নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলোও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্টনন্ত্রী সাহারা খাতুন। গত কয়েক দিনে সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা দলীয় প্রধান শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা বলছেন। সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য রয়েছে কি না- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "২১ অগাস্ট গ্রেনেড হামলাসহ নানা ঘটনায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এটি নতুন কিছু নয়। তবে তার নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকে।" একই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও। তিনি বলেন, "শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো ষড়যন্ত্র হলে আইন-শৃঙ্খলা বাহিনী তার নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী ৬ সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকা আসছেন। তার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তার নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয় যানজট নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাওয়া হলে সাহারা বলেন, "রাস্তা-ঘাট মেরামত করা হচ্ছে এবং ঈদের আগেই এ অবস্থা আরো ভালো হবে।" তিনি আশা করছেন, সড়ক মেরামত হলে ঈদে ঘরমুখো মানুষের ফেরায় কোনো সমস্যা হবে না। সড়ক খারাপ হওয়ায় ঈদে এবার ট্রেন ও লঞ্চে বেশি চাপ পড়বে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে জন্য রেল ও লঞ্চ টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের বাসার নিরাপত্তায় পুলিশ বিশেষ নজরদারি চালাবে বলে জানান মন্ত্রী। এবার ঈদ বাজারে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪১৩ ঘ.