২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে প্রথম অভিযুক্ত হতে চলেছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধে প্রথম অভিযুক্ত হতে চলেছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় সাঈদীর উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। তবে অভিযোগ উপস্থাপনের এক পর্যায়ে সাক্ষীদের জবানবন্দির কিছু কাগজপত্র নিয়ে জটিলতা দেখা দিলে আদালত শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করে। মুলতবির আদেশে আদালত অবশিষ্ট প্রয়োজনীয় ওই কাগজপত্র মঙ্গলবারের মধ্যেই ট্রাইবুনালে দাখিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্তের আইনজীবীদের তাদের অনুলিপি বুঝে নিতে বলেছে। এদিকে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার অভিযোগ তুলে শুনানি বর্জনের হুমকি দিয়েছেন সাঈদীর আইনজীবীরা। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হলেও প্রথম অভিযোগ গঠন হচ্ছে সাঈদীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছিলো ২০১০ সালের ২৯ জুন। জামায়াতের গ্রেপ্তার অন্য নেতারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। সাঈদীকে সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইবুনালে আনা হয়। ট্রাইব্যুনালে সভাপতিত্ব করেন বিচারপতি নিজামুল হক। সাঈদীর আইনজীবীরা ষষ্ঠ বারের মতো জামিনের আবেদন জানালে তা নাকচ করে ট্রাইবুনাল। এরপর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু করেন ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। পরে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। হায়দার আলী শুনানিতে বলেন, একাত্তরে সব বাড়ালি স্বাধীনতার দাবিতে একত্রিত হয়েছিলো। কিন্তু পাকিস্তানিদের সঙ্গে কিছু সংখ্যক মানুষ একাত্ম হয়। এরা স্বতঃস্ফূর্তভাবে রাজাকার বাহিনী গড়ে তোলে। পরে সামরিক অর্ডিন্যান্স দিয়ে এগুলোকে পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী হিসাবে গড়ে তোলা হয়। ৪০ বছর পর আগের ঘটনা উদ্ঘাটনে কষ্টসাপেক্ষ বিষয় জানিয়ে তিনি বলেন, "আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তবে সেগুলো অতিক্রম করেই আমরা দলিল প্রমাণ জমা দিয়েছি।" সাঈদী নিজে ও তার নেতৃত্বে এক দল লোক পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং তাদের সহায়তায় পিরোজপুরের বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ তুলে ধরেন হায়দার আলী। তিনি বলেন, একাত্তরের ৩ মে থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালে পারেরহাট রাজলক্ষ্মী বিদ্যালয়ে রাজাকার ক্যাম্প স্থাপন করে পাকিস্তানি চক্রান্ত বাস্তবায়ন করেন সাঈদী। আব্দুল লতিফ হাওলাদার ও মোখলেস পসারির সাক্ষ্যে এ বিষয়টি উঠে এসেছে। মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় ওই এলাকার এক নারীকে রাজাকাররা পাকিস্তানিদের হাতে ধরিয়ে দেয়। পরে ওই নারীকে হত্যা করে পাশের বলেশ্বর নদীতে ভাসিয়ে দেয়। গণেশ চন্দ্র সাহার সাক্ষ্যে এতে সাঈদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানান প্রসিকিউটার। এ পর্যায়ে সাক্ষীদের সাক্ষ্য বিষয়ক কিছু কাগজপত্র জমা দিতে গেলে আদালত বলে, এ কাগজপত্রের কতটি কপি আছে। জবাবে হায়দার আলী বলেন, তিনটি কপি আছে। তখন আদালত বলে, "আমাদের তিন কপি দিতে হবে। আর অভিযুক্তের আইনজীবীকে এক কপি দিতে হবে।" এরপরই শুনানি মুলতবির আদেশ হয়। সাঈদীর আইনজীবীদের হুমকি আগের কয়েক দিনের মতো মঙ্গলবারও অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন সাঈদীর আইনজীবীরা। তার কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, "আমরা অনভিজ্ঞ। মানবতার বিরুদ্ধে অপরাধ- এ কথাটিই এখনো ভালোভাবে বুঝতে পারিনি। আমার মক্কেলের সঙ্গে কথাও বলতে পারিনি। এ রকম প্রস্তুতি নিয়ে শুনানিতে অংশ নেওয়া সম্ভব নয়।" পরে তিনি সাংবাদিকদের বলেন, "কোর্ট বলেছে, আগামীকাল আসতে। আমরা আসবো। তবে এই অবস্থায় শুনানি অব্যাহত রাখতে বললে আমরা শুনানিতে অংশ নেবো না।" ভুয়া মাওলানা সাঈদী সাঈদী নিজে নামের আগে মাওলানা লিখলেও তার সে যোগ্যতা নেই বলে দাবি করেন প্রসিকিউটার হায়দার আলী। তিনি শুনানিতে বলেন, "অনুসন্ধানে সাঈদীর বিভিন্ন নাম পাওয়া গেছে। এর মধ্যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে তিনি নিজেকে আবু নাইম মো. দেলাওয়ার হোসাইন হিসাবে পরিচয় দেন। তবে সাঈদী নামটিও সেখানে উল্লেখ আছে। "তিনি নিজেকে আল্লামা হিসাবে পরিচয় দিলেও নির্বাচন কমিশনে দেওয়া সনদের ভিত্তিতে তার আল্লামা বা মাওলানার যোগ্যতা নেই বলে আমরা জেনেছি।" সাঈদীর শিক্ষা প্রতিষ্ঠান শর্ষীনার মাদ্রাসার অধ্যক্ষও একই মত দিয়েছেন বলে হায়দার জানান। "তার নাম ও পরিচয় বিভিন্ন রকম থাকলেও আমরা তাকে যথাযথভাবে চিহ্নিত করেছি, এই সেই ব্যক্তি, যিনি ১৯৭১ সালে অপরাধ করেছেন", বলেন তিনি। সাঈদীর বিরুদ্ধে যত অভিযোগ মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ এসেছে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে। পিরোজপুর সদর ও জিয়ানগর থানায় তার বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে ট্রাইবুনালের তদন্ত দল। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অন্তত ১৫০ সংখ্যালঘুকে জোর করে ধর্মান্তরিত করার তথ্য প্রমাণও পাওয়া গেছে বলে তদন্ত দল এর আগে সাংবাদিকদের জানিয়েছিলো। তদন্ত দল জানায়, মুক্তিযুদ্ধের সময় সাঈদী ও অপর অভিযুক্ত দনেশ মোল্লার নেতৃত্বে পাড়েরহাট এলাকার অন্তত ১৫০ সংখ্যালঘু ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অস্ত্রের মুখে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়। সাঈদীর নেতৃত্বে তার শ্বশুরবাড়ি পাড়েরহাট বন্দরের ব্যবসায়ী মাখন সাহার পাকা ঘরের মাটির নিচ থেকে ২৪ সের স্বর্ণ ও রূপা লুট করে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। জামায়াত নেতার বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি স্থানীয় রাজাকার, আলবদর ও তাদের দোসরদের সহায়তায় বন্দরের ৩৫ থেকে ৪০ জন সংখ্যালঘুর বাড়িঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেন। পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণকে একত্রিত করে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনকারী তৎকালীন মহকুমা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ কয়েকজনকে হত্যার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে। গত জানুয়ারিতে পিরোজপুর সদর ও জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া, নলবুনিয়া, চিথলিয়া, উমেদপুর, নামাজপুর, মাছিমপুর,পাড়েরহাটসহ মাছিমপুরের মণ্ডলপাড়া ও মিস্ত্রি পাড়া পরিদর্শন করে হত্যা, ধর্ষণ, লুটতরাজে সাবেক সংসদ সদস্য সাঈদীরে জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করে। জিয়ানগর, স্বরূপকাঠী (নেছারাবাদ) ও সদর উপজেলায় ১৭টি বধ্যভূমি ও গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত দল, যেখানে প্রায় ৫ হাজার মানুষকে গণকবর দেওয়া হয়। ওই সব হত্যাকাণ্ডে সাঈদীর জড়িত থাকার অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৫২২ ঘ.